Logo

বাধা এলেও লং মার্চ এগিয়ে যাবে রংপুরের পথে: এটিএম আজহারুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৪
বাধা এলেও লং মার্চ এগিয়ে যাবে রংপুরের পথে: এটিএম আজহারুল
ছবি: সংগৃহীত

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চে বাধা দেওয়া হলে তা অতিক্রম করে কর্মসূচি রংপুরের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লং মার্চ উপলক্ষে রংপুরে জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান পরিবর্তন করে তা জনগণের ওপর চাপিয়ে দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার রাজনীতি আর চলবে না। জনগণের মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েই রাষ্ট্র পরিচালনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট মোকাবিলা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য এই লং মার্চের আয়োজন করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিরোধী দলগুলোর প্রত্যাশা, নয় দফা দাবি মেনে নিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এবং ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান জামায়াতের এই নেতা।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, জনগণের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও কৃষি উপকরণের সংকট নিরসন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মতো বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

লং মার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা ভেঙে লং মার্চ রংপুরের দিকে অগ্রসর হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিকে ঘিরে বিভিন্ন জেলায় প্রস্তুতি ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD