Logo

রাষ্ট্র পরিচালনা বিএনপির কাছে দায়িত্ব, ক্ষমতা নয়: নজরুল ইসলাম খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৯
রাষ্ট্র পরিচালনা বিএনপির কাছে দায়িত্ব, ক্ষমতা নয়: নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি এটিকে ক্ষমতা হিসেবে দেখে না, বরং দায়িত্ব হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনগণের প্রয়োজন পূরণ, তাদের দুর্ভোগ কমানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশের বিভিন্ন সংকটের সময়ে বিএনপি জনগণের পাশে থেকেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ভূমিকা রেখেছে। জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই মানুষ দলটিকে বিভিন্ন সময়ে সমর্থন ও সম্মান জানিয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৫ সালের জানুয়ারিতে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। পরে ১৯৮২ সালে এরশাদের সামরিক শাসন জারির পরও বিএনপি জনগণের সঙ্গে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে দলটিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। বিএনপি ক্ষমতা মনে করে না, মনে করে দায়িত্ব।’

বিজ্ঞাপন

দেশের অর্থনীতি নিয়ে তিনি বলেন, অর্থনীতি যখনই সংকটে পড়েছে, তখন জনগণের কল্যাণে তা পুনরুদ্ধার ও উন্নয়নের দায়িত্ব বিএনপি পালন করেছে। বর্তমান সরকারও অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচিত সরকারের কর্মসূচিতে বাধা সৃষ্টি হলে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে। তাই দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সরকারি উদ্যোগে ভুল থাকলে তা তুলে ধরার পাশাপাশি আরও ভালো বিকল্প পরিকল্পনাও দেওয়া উচিত। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে কোনো সুফল পাওয়া যাবে না।

বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব কর্মসূচির লক্ষ্য জনগণের কল্যাণ। কোনো উদ্যোগে ত্রুটি থাকলে তা চিহ্নিত করার পাশাপাশি আরও কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির ইশতেহারেও ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে রাখা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সব কর্মসূচির কেন্দ্রবিন্দু হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ। জনগণের উন্নয়ন ও স্বস্তি নিশ্চিত করা না গেলে সরকার, বিরোধী দল বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেরই প্রকৃত অর্থ থাকে না।

দেশের গণতন্ত্র সুসংহত করা, অর্থনৈতিক উন্নয়ন, জনগণের প্রয়োজন পূরণ এবং তাদের কষ্ট কমানোর কাজ সহজ নয় উল্লেখ করে তিনি এ লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে তাদেরও দায়িত্ব রয়েছে। দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জনমত গড়ে তুলে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD