নামফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন করলেন না হাসনাত

কুমিল্লার দেবীদ্বারে একটি উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ফিতা কাটার আগে ভবনের নামফলকের পর্দা সরানো হলে সেখানে নিজের নাম দেখতে পান হাসনাত আবদুল্লাহ। বিষয়টি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
হাসনাত বলেন, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির নামে নামফলক দেওয়ার সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না। রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদের আত্মপ্রচারের জন্য স্থাপনার নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
তার ভাষ্য, জনগণের অর্থেই উন্নয়নকাজ বাস্তবায়িত হয়। তাই স্থাপনার নামফলকে ব্যক্তিবিশেষের নামের পরিবর্তে দেশের নাম কিংবা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য তুলে ধরা যেতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় নিজের নির্বাচনি এলাকার ভবিষ্যৎ উন্নয়নকাজ ও প্রাতিষ্ঠানিক স্থাপনার উদ্বোধনী নামফলকে তার নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেন হাসনাত। পরে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ জানান, দ্রুত নামফলকটি পরিবর্তন করে নতুন নামফলক স্থাপন করা হবে।
বিজ্ঞাপন
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ ব্যক্তিপূজা ও চাটুকারিতার সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান হিসেবে ঘটনাটিকে দেখছেন। অন্যদিকে, সমালোচকদের কেউ কেউ এটিকে রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল হিসেবে মন্তব্য করেছেন।








