চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা রবিউল গ্রেপ্তার

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।
বিজ্ঞাপন
রবিউল হাসান সোহাগ রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, মোটরসাইকেল চুরি মামলায় রিমান্ডে থাকা ফারুক, রাজ্জাক ও সাদ্দাম নামে তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই তিনজন সোহাগের নাম উল্লেখ করেছেন বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, চোরচক্রের সদস্যরা জানিয়েছেন, চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন সোহাগ। দীর্ঘদিন ধরে তিনি চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে ডিবি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিবি আরও জানায়, শনিবার রাতেই সোহাগের মাধ্যমে বিক্রি করা হয়েছিল বলে দাবি করা একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, চোরচক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি জানান, রবিবার দুপুরে সোহাগকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এদিকে জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব বলেন, ‘তার বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’








