প্রাথমিকের নিয়োগে বাদ পড়াদের পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বাদ পড়া প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, বাদ পড়াদের অধিকাংশের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট তথ্য-প্রমাণ নেই।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, প্রাথমিকের নিয়োগে প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন—এমন অনেককেও বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “যদি একজন চাকরিপ্রার্থীকে অন্যায়ভাবে এই চাকরি থেকে বাদ দেওয়া হয়, আমরা তার জন্য লড়বো।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়েছে। তার ভাষ্য, সংশোধনের নামে সংস্কারের আকাঙ্ক্ষাকে ধুলিসাৎ করার চেষ্টা চলছে। তিনি বলেন, “আমরা রাষ্ট্রের কসমেটিক্স সার্জারি চাই না। আমরা চাই মৌলিক সংস্কার।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এর আগে সংবিধানে ১৭ বার সংশোধন হলেও কোনো সংশোধনেই মৌলিক পরিবর্তন আসেনি বলে তারা মনে করেন। তাই দ্রুত এই প্রক্রিয়া বন্ধ করে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবি জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি রাজধানীর মিরপুরের রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা উল্লেখ করে বলেন, রাজধানীতে হওয়ায় এসব ঘটনা সামনে এসেছে; তবে তার দাবি, একই ধরনের পরিস্থিতি দেশের বিভিন্ন এলাকাতেও রয়েছে।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। তার মতে, এ পরিস্থিতির জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নাহিদ ইসলাম বলেন, “এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়।”
বিজ্ঞাপন
এ সময় এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ দলের সর্বোচ্চ পরিষদ ও রাজনৈতিক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।







