Logo

গাজী নজরুল পদত্যাগ করলে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৪:৪০
গাজী নজরুল পদত্যাগ করলে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের মধ্যে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

বিজ্ঞাপন

এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বিএনপির অবস্থান তুলে ধরেন।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। তার ভাষ্য, বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এরপর জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ‘কিন্তু জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকেও যদি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পদত্যাগ করতে বাধ্য করতেন, তাহলে হয়তো ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না।’

বিজ্ঞাপন

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। মামলাটি বর্তমানে আইনগত প্রক্রিয়ায় রয়েছে। গাজী নজরুলকে গ্রেপ্তারের পর আদালত কয়েক দফা রিমান্ড মঞ্জুর করেন এবং ২৮ সেপ্টেম্বর তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাশেদ খাঁন তার পোস্টে আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কিংবা ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে।

তিনি আরও লেখেন, ‘সুতরাং দেশ ও জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটি বাস্তবায়নে সহযোগিতা করুন। তার উদ্যোগ ও ভালো কাজ কোনো ব্যক্তির অপরাধে মলিন হওয়ার সুযোগ নেই, তিনি সুযোগ দেবেন না, ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

অন্যদিকে, গাজী নজরুলের বিরুদ্ধে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্তও চলছে। আদালত আগামী ২২ অক্টোবর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD