Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান, বিক্ষোভের ডাক জামায়াতের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ১৪:৩২
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান, বিক্ষোভের ডাক জামায়াতের
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তবে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে।

বিজ্ঞাপন

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) এ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন নির্বাচনে মির্জা ফয়সল আমীনের প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।

দেলাওয়ার হোসেন বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মাঠে ভোটার উপস্থিতি ছিল না, অথচ ভোটের হার নিজেদের মতো করে দেখানো হয়েছে।

তাঁর অভিযোগ, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না—এমন হুমকি দিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। পরে জোর করে এবং টাকা দিয়ে ধানের শীষে ভোট দিতে বাধ্য করা হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতের এই প্রার্থী আরও বলেন, নির্বাচনে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। যাঁদের আটক করা হয়েছিল, তাঁদেরও ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভোট গণনার সময় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন দেলাওয়ার হোসেন। তাঁর দাবি, অনেককে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এখন বিভিন্ন স্থানে তাঁদের দলের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে। প্রশাসনের কাছ থেকেও তাঁরা যথাযথ সহায়তা পাননি।

গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD