রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি মন্তব্য দেখা গেছে।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সালিশ বৈঠকে বিএনপির এক কর্মীর সঙ্গে উত্তেজনাকর আচরণের ঘটনায় এমপি হানজালার সমালোচনা করে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ফেসবুকে মন্তব্য করেন। ওই পোস্টে তিনি এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা উচিত বলে উল্লেখ করেন।
এর জবাবে রবিবার (২১ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা পোস্ট দেন এমপি হানজালা। সেখানে তিনি রাশেদ খাঁনকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন এবং তাকে চিড়িয়াখানায় রাখার কথা বলেন।
বিজ্ঞাপন
পোস্টে হানজালা লেখেন, ‘রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না!’
তিনি আরও লেখেন, ‘আর রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ— গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।’
গতকাল শনিবার দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকের একপর্যায়ে সংসদ সদস্য হানজালা উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চৈঃস্বরে কথা বলছেন।
বিজ্ঞাপন
এসময় তাকে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’ একপর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।’
পরে শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমপি হানজালার তীব্র সমালোচনা করে একটি পোস্ট দেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?’








