মুগদাপাড়া ডিপিডিসির দুই প্রকৌশলীর ঘুষের রাজত্ব

রাজধানী ঢাকার মুগদাপাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ ডিভিশন।
বিজ্ঞাপন
এখানে রাতের অন্ধকারে আলো জ্বলে উঠলেও, দিনের আলোয় প্রতিদিন নিভে যায় আইনের ন্যায্যতা। ‘চোরাই সংযোগ বিচ্ছিন্ন’ নামে একটি কার্যক্রম চালাতে গিয়ে যে চিত্রটি প্রকাশ পেয়েছে, তা কেবল অবৈধ বিদ্যুৎ সংযোগের নয়, বরং সরকারি কর্তৃপক্ষের ঘুষগ্রহণ, অনিয়ম, আইন লঙ্ঘন ও ভয়াবহ আমলাতন্ত্রের বলয়কে নগ্ন করে দিয়েছে।
এই অনুসন্ধানী রিপোর্টে আমরা তুলে ধরছি সেই চিত্র। যেখানে ডিপিডিসি মুগদাপাড়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আবুল মনসুর ও সহকারী প্রকৌশলী মো. ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ওঠা ভয়াবহ অভিযোগের বাস্তবতা, আইনি কাঠামোর স্পষ্ট লঙ্ঘন, এবং ন্যায্যতা থেকে সাধারণ গ্রাহকের বঞ্চনার প্রামাণ্য দলিল। সাহাবুদ্দিন নামের এক গ্রাহকের স্থাপনায় অভিযান: গত ১১ আগস্ট ২০২৫। পূর্ব নন্দীপাড়ার একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করে ডিপিডিসির মুগদাপাড়া ডিভিশনের এনওসিএস দপ্তর। অভিযানটির নেতৃত্বে ছিলেন সহকারী প্রকৌশলী মো. ইলিয়াস হোসেন।
প্রাথমিক অভিযোগে গ্রাহক সাহাবুদ্দিন ‘চোরাই সংযোগ’ ব্যবহার করছিলেন। অভিযানে ঢুকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জব্দ করা হয় কিছু ক্যাবল ও একটি মিটার।কিন্তু তারপর যা ঘটে, সেটিই আজ প্রশ্নের কেন্দ্রে। সাহাবুদ্দিনের দাবি করেন, অভিযান শেষে তাকে বা তার প্রতিনিধিকে কোনো নোটিশ, লাল চালান, সিলগালা মিটার বা প্রামাণ্য কাগজ দেওয়া হয়নি। অভিযানের সময় উপস্থিত ছিলেন না কোনো নিরপেক্ষ সাক্ষী, এমনকি ঘটনাস্থলে গ্রাহকও ছিলেন না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, অভিযানের ঠিক পরে তাকে ডাকা হয় নির্বাহী প্রকৌশলী মনসুরের অফিসে, যেখানে ৮ দিন ধরে দর কষাকষি চলে এবং শেষ পর্যন্ত ১ লাখ টাকা ঘুষ দাবি করা হয়।
সাহাবুদ্দিন সরাসরি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে, ২০ আগস্ট ইস্যু করা হয় ৪,১৮,১৯৩ টাকার একটি পেনাল বিল, অথচ তার আগে কোনো আপোষ বা আইনি নোটিশ গ্রাহকের হাতে পৌঁছায়নি।
বিদ্যুৎ আইন-২০১৮ এর ৪৬(১) উপধারা অনুযায়ী, অভিযান পরিচালনায় থাকতে হবে সহকারী প্রকৌশলী, এবং অভিযানটি পরিচালিত হতে হবে গ্রাহক বা তার প্রতিনিধির উপস্থিতিতে, সঙ্গে দুইজন নিরপেক্ষ সাক্ষী থাকা বাধ্যতামূলক। কিন্তু অভিযানে কোনো সাক্ষী ছিল না, গ্রাহক বা তার প্রতিনিধিও অনুপস্থিত। জব্দকৃত মালামালের তালিকা তৈরি, সবার স্বাক্ষর ও সিলগালা বাধ্যতামূলক।
বাস্তবতা: কোনো সিলগালা, তালিকা বা স্বাক্ষরের প্রমাণ নেই। বিধান অনুযায়ী প্রথমবার অপরাধের ক্ষেত্রে ৭ কার্যদিবসের মধ্যে আপোষ করার সুযোগ দিতে হবে। কিন্তু কোনো নোটিশ বা আলোচনার সুযোগ না দিয়েই ৮ম দিনে পেনাল বিল ইস্যু। ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ পরিমাপ করে (স্ক্যাডা পরীক্ষা) জরিমানা ধার্য করতে হবে। কোনো পরিমাপক ছাড়াই ৪ লক্ষাধিক টাকার বিল!
আপোষ না হলে ৭ কার্যদিবস পরে ফৌজদারি মামলা বাধ্যতামূলক। কোনো মামলা হয়নি, বরং “রফাদফা”।
শুধু সাহাবুদ্দিনের অভিযোগ একা নয়। অনুসন্ধানে উঠে আসে আরও কয়েকজন গ্রাহকের অভিজ্ঞতা। রহিম নামের এক গ্রাহক বলেন,সংযোগ দিতে হলে ১ লাখ, জরিমানা কমাতে হলে ৫০ হাজার, মিটার দিতে হলেও টাকা দিতে হয়। সরকারি অফিস না, যেন ঘুষের দোকান। সেলিম নামের আরেকজন জানান,বিদ্যুৎ গেলে অভিযোগ করলেও কেউ আসে না। কিন্তু চোরাই সংযোগ ধরতে এসে টাকা চায়।
এ ব্যাপারে ডিপিডিসির সহকারী প্রকৌশলী মো. ইলিয়াস হোসেন বলেন,আমি তো শুধু নির্দেশ পালন করি। গ্রাহকের সঙ্গে সরাসরি কথা বলেন মনসুর স্যার। উনি বললে আমরাও কাজ করি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসহকারী প্রকৌশলী বলেন, টাকা ছাড়া কোনো কাজ হয় না। মনসুর স্যার বলেই দেন। টাকা দেন, কাজ হয়ে যাবে।
জানা গেছে, অফিসের অভ্যন্তরে একটি ম্যানেজমেন্ট সংস্কৃতি গড়ে উঠেছে, যেখানে সেবার বদলে প্রথাগত ঘুষকেই মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়ভাবে কয়েকজন দালাল। যারা গ্রাহক ও প্রকৌশলীদের মধ্যে সমঝোতার সেতুবন্ধন গড়ে। তারা এলাকাভিত্তিক কমিশনে কাজ করে থাকে। অনুসন্ধানে উঠে আসে, প্রতিটি চোরাই সংযোগ বিচ্ছিন্ন, নতুন মিটার সংযোগ, বাইপাস সার্ভিস। সব কিছুতেই দালালদের কমিশন নির্ধারিত।
আল-আমিন নামের একজন গ্রাহক জানান, কাজের জন্য স্যারদের কাছে সরাসরি গেলে সময় লাগে। দালাল থাকলে একদিনেই হয়ে যায়। অবশ্য টাকা বেশি লাগে।
এদিকে অভিযোগগুলো একাধিকবার লিখিতভাবে জমা পড়লেও ডিপিডিসির সদর দপ্তর বা উচ্চপর্যায়ের কোনো তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থার খবর পাওয়া যায়নি।
একজন বিদ্যুৎ বিতরণ বিশেষজ্ঞ বলেন,এটি শুধুই ব্যক্তি দুর্নীতি নয়, বরং পুরো ব্যবস্থাটিই দুর্নীতিপ্রবণ হয়ে উঠেছে। গ্রাহককে ঘুষ না দিলে সেবা মেলে না। এমন বাস্তবতা বিদ্যুৎখাতে ভয়ানক সংকেত।
ডিপিডিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ডিপিডিসির মুগদাপাড়া ডিভিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুদক, গণশুনানি কমিশন ও জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা জরুরি। প্রত্যেক চোরাই সংযোগ বিচ্ছিন্ন অভিযানে বডি-ক্যাম, ভিডিও ফুটেজ ও নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে।
এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ বলেন, জরিমানার আগে এসসিএডিএ পরীক্ষায় ব্যবহৃত বিদ্যুৎ নির্ধারণ বাধ্যতামূলক করতে হবে। যাতে কোনো কর্মকর্তা নিজের মতো করে বিল তৈরি করতে না পারে। দালালদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা এবং অফিসে পুরোপুরি ডিজিটালাইজ ও ট্রান্সপারেন্ট সিস্টেম চালু করতে হবে। যেখানে অভিযোগ করলে সরাসরি উচ্চপর্যায়ে যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে স্বয়ংক্রিয় তদন্ত শুরু হয় এমন একটি স্বাধীন গ্রাহক সহায়তা ইউনিট গঠন দরকার। দুর্নীতি বন্ধ না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই দুর্নীতিবাজ যে হউক তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেন, বিদ্যুৎ শুধু একটি প্রযুক্তি নয়, এটি উন্নয়নের প্রতীক, নাগরিক অধিকার রক্ষার হাতিয়ার। কিন্তু সেই বিদ্যুতের ব্যবস্থাপনায় যদি ঘুষ, অনিয়ম, দালালি আর দায়িত্বহীনতা শিকড় গাড়ে তবে নাগরিক আস্থা ভেঙে পড়ে। সাহাবুদ্দিনের মতো অসংখ্য গ্রাহক আজ চুপ করে সহ্য করেন। কেউ কেউ অভিযোগ করেন, কিন্তু ফল হয় না কিছুই।
সিনিয়র সাংবাদিক ও মুগদাপাড়া এলাকার বাসিন্দা জান্নাতুর রহমান পাপ্পা বলেন, বিদ্যুৎ অফিসে গেলে মনে হয়, আমি ভিখারি। অথচ আমি তো মাসে মাসে বিল দেই। এত অপমান কেন? এই প্রশ্ন কেবল একজনের নয় সমস্ত গ্রাহকের। প্রশ্নটা আজ গোটা রাষ্ট্রের কাছে। নাগরিক যখন বিদ্যুৎ চায়, তখন শুধু আলো নয়। আইন, ন্যায্যতা আর সম্মানও কি পাবে।
এ ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের(টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সেবাখাতে যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। তাদের দুর্নীতির কারণে গ্রাহকরা সঠিক সেবা পাচ্ছেন না। অভিযুক্ত প্রকৌশলীদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।








