Logo

সততার আড়ালে ইউএনও সুজার অন্ধকার জগৎ

profile picture
বশির হোসেন বাবু
১১ নভেম্বর, ২০২৬, ১৭:১১
সততার আড়ালে ইউএনও সুজার অন্ধকার জগৎ
উজিরপুরের ইউএনও মো. আলী সুজা।

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাকে ঘিরে একের পর এক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চত্বরে টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রি, উন্নয়ন প্রকল্পের নামে সরকারি অর্থের অপচয়, পছন্দের লোকজনকে প্রকল্প বরাদ্দ এবং সাংবাদিকদের হয়রানিসহ নানা অভিযোগে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রনালয় ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেন উজিরপুরের এক ব্যাক্তি।

বিজ্ঞাপন

স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি ও সাংবাদিকের অভিযোগ, প্রায় দুই বছর ধরে উজিরপুরে দায়িত্ব পালনকালে ইউএনও আলী সুজা একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। এমনকি নিজের পছন্দের লোকজনকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দেওয়ার মাধ্যমে একটি প্রভাববলয় তৈরি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, গত দুই বছরে উজিরপুরে প্রায় শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে নানা অনিয়ম হয়েছে। বিভিন্ন প্রকল্পে পছন্দের ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে যথাযথ কাজ না করেই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে এসব প্রকল্পের বরাদ্দ, ব্যয় ও বাস্তবায়নের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এদিকে উপজেলা পরিষদ চত্বরের সরকারি গাছ টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে ধামুরা-সানুহার সড়কের সরকারি গাছ কাটার ঘটনায়ও ইউএনওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রকাশ্যে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠলেও এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের প্রশ্ন, সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব যাদের ওপর, তাদের দায়িত্ব পালনে এমন নীরবতা কেন? সরকারি গাছ কাটার ঘটনায় কারা জড়িত, কীভাবে গাছ কাটা ও বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর সঙ্গে প্রশাসনের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

অন্যদিকে ইউএনওর ইতিবাচক কর্মকান্ড প্রচারের নামে স্থানীয় কয়েকজন ইউটিউবার ও গণমাধ্যমকর্মীকে ব্যবহার করে ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন ব্যক্তি। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু সংবাদকর্মীকে বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা দিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সংবাদ প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।

এমনকি ইউএনওর পারিবারিক ও রাজনৈতিক পরিচয় নিয়েও স্থানীয় মহলে নানা আলোচনা রয়েছে। তাঁর বাবার রাজনৈতিক সম্পৃক্ততা এবং নিজের অতীত ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

স্থানীয় এক সাবেক ছাত্রনেতার দাবি, ইউএনও আলী সুজার কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে অতীতে একবার ছাত্র-জনতা তাঁর সরকারি বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন। তাঁর অভিযোগ, বিভিন্ন সময় প্রতিবাদ কর্মসূচি দমনে প্রভাবশালী একটি মহল সক্রিয় ভূমিকা পালন করেছে।

সাংবাদিকদের অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও গাছ কাটার ঘটনা নিয়ে অনুসন্ধান করতে গেলে তাঁদের নানাভাবে হেনস্তার আশঙ্কা তৈরি করা হচ্ছে। এ কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

সব মিলিয়ে উজিরপুর উপজেলা প্রশাসনের কর্মকান্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি গাছ কাটা, বিক্রি এবং উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয়ের বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বিজ্ঞাপন

প্রশ্ন উঠেছে, সরকারি সম্পদ রক্ষা ও উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রশাসনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগের আড়ালেই থেকে যাবে সরকারি অর্থ ও সম্পদ ব্যবস্থাপনার প্রকৃত চিত্র?

এ বিষয়ে ইউএনও মো. আলী সুজার বক্তব্য জানতে ০১৩১৮...৬৩৩৯ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বরং তিনি সাংবাদিককে ম্যানেজ করতে একাধিক প্রভাবশালী মহল থেকে ফোন করিয়ে সংবাদ প্রকাশ না করতে হুমকি দেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD