বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎকর্মী লাশ, এমডির চোখে কালো চশমা

রাজধানীর বিদ্যুৎ বিতরণব্যবস্থার দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অভ্যন্তরে কর্মীদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাচ্ছেন বিদ্যুৎকর্মীরা। কিন্তু মৃত্যুর পরও থামছে না দায়িত্ব এড়ানোর প্রবণতা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পরিবর্তে ঘটনাকে আড়াল করা, নিহতের পরিবারকে চাপ প্রয়োগ এবং তদন্ত প্রতিবেদন প্রভাবিত করার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে।
বিজ্ঞাপন
ডেমরা ও মুগদাপাড়া ডিভিশনে সাম্প্রতিক দুটি মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুন নাহারের নীরবতা যেন এসব অভিযোগকে আরও ঘনীভূত করেছে। অভিযোগ রয়েছে, নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়া কিংবা গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রেও কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো তৎপরতা নেই।
গত ২৫ অক্টোবর দুপুরে রাজধানীর ডেমরার মেন্দিপুর-থুলথুলিয়া এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগের থ্রি-ফেজ প্রিপেইড মিটার স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ডিপিডিসির আউটসোর্সিংয়ের আওতাধীন ডিএসএস কর্মী মো. আনিছ (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। জীবন বাঁচাতে খুঁটি থেকে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি। বিদ্যুতের ঝলকে ঝলসে যাওয়া শরীর নিয়ে কিছু সময় খুঁটিতে ঝুলে থাকার পর নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিপিডিসির ডেমরা ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শের আলী, নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান (১১১৭২) এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল রউফের (১১৩৪২) বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রের দাবি, মিটার স্থাপনের কাজটি করার আগে আনিছ নিজেই তাঁর অপারগতার কথা জানিয়েছিলেন। ডেমরার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল রউফকে অনুরোধ করে বলেছিলেন, ‘স্যার, আমি মিটার লাগাতে পারি না। দয়া করে আমাকে দিয়ে এই কাজ করাবেন না।’ এমনকি নিজের জীবন ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে, বারবার অনুরোধ সত্ত্বেও তাঁকে ওই কাজ করতে চাপ দেওয়া হয়।
জানা গেছে, ডিএসএস কর্মী হিসেবে আনিছের মূল দায়িত্ব ছিল মেইনটেন্যান্স গ্যাংকে সহযোগিতা করা। মিটার স্থাপনের কারিগরি কাজে তিনি দক্ষ ছিলেন না। অথচ অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম ও যথাযথ বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ নিশ্চিত না করেই তাঁকে ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ চালু রেখে এ ধরনের কাজ করার সুযোগ নেই। কাজ শুরুর আগে যথাযথ শাটডাউন, নিরাপত্তা যাচাই এবং সংশ্লিষ্ট লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করা বাধ্যতামূলক। এসব নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।
নিহত আনিছের পরিবারের সদস্যদের অভিযোগ, দুর্ঘটনার পর বিষয়টি যথাযথভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত না করে অভ্যন্তরীণভাবে মীমাংসার চেষ্টা করা হয়। আনিছের বিয়াই ডেমরা ডিভিশনের একজন ফোরম্যান হওয়ায় তাঁকেও ভয়ভীতি দেখিয়ে নীরব রাখার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের মামলা না করার জন্য চাপ প্রয়োগ করেন ডেমরা ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শের আলী ও নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানÑএমন অভিযোগও উঠেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে এবং মামলা করলে বিপদে পড়তে হবে বলে ভয় দেখিয়ে পরিবারকে চুপ করিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞাপন
আনিছের মৃত্যুর ঘটনায় ডিপিডিসির কাজলা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম আব্দুল জব্বারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে না আসায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে প্রকৌশলীদের একটি পক্ষ তৎপর রয়েছে। ইতোমধ্যে ৩০ লাখ টাকার রফাদফা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ডেমরা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে দায়মুক্তি দিতে একটি পক্ষ সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে উপ-সহকারী প্রকৌশলী আব্দুল রউফকে রক্ষায় তদন্ত কমিটিকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগও সামনে এসেছে।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে তদন্ত কমিটির আহ্বায়ক এস এম আব্দুল জব্বারের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, তদন্তের নামে তিনি ১০ লাখ টাকা দাবি করেছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ঢাকার কয়েকজন বাসিন্দা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক এস এম আব্দুল জব্বারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা খেয়েছি, বেশ করেছি। সেই জবাব আমি এমডি ম্যাডামকে দেব। আপনাকে দেব না। আমি যা করি, কর্তৃপক্ষ জানেন।’
বিজ্ঞাপন
তদন্ত কমিটির আহ্বায়কের এমন বক্তব্য তদন্তের নিরপেক্ষতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করার জোর দাবি একাধিক গ্রাহকের।
ডেমরার ঘটনার রেশ কাটতে না কাটতেই ডিপিডিসির মুগদাপাড়া ডিভিশনে আরেকটি প্রাণহানির ঘটনা ঘটে। গত ১২ নভেম্বর সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান লাইনম্যান আব্দুর রশিদ ডাকুয়া। এ ঘটনায় ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আবুল মুনসুর (১১৩৯২) ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস হোসেনের (১১৩৫০) সিদ্ধান্ত ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করেই রশিদকে ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর ও সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেনের দায়িত্বে অবহেলার কারণেই এই বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে বলে তাঁরা মনে করেন। তাঁর ভাষ্য, কর্মীর প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল না। বিদ্যুৎ সংযোগ চালু রেখে কোনোভাবেই এ ধরনের কাজ করা উচিত নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্যুৎকর্মী বলেন, শাটডাউন দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্ট স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ার কথা নয়। বিশেষ করে শাটডাউন ব্যবস্থাটি স্বয়ংক্রিয় না হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সরাসরি তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাঁর দাবি, এ ঘটনার দায় সংশ্লিষ্ট প্রকৌশলীরা এড়াতে পারেন না।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ডেমরায় আনিছের মৃত্যুর মতো মুগদাপাড়াতেও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ উঠেছে। তাঁর মতে, বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নিরাপদ নিশ্চিত না করে কোনো কর্মীকে সঞ্চালন লাইনে কাজ করতে পাঠানো উচিত নয়।
বিজ্ঞাপন
ডেমরা ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল রউফের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, মাতুয়াইল ডিভিশনে দায়িত্ব পালনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফিরোজের ভাই কালামকে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎকাজের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালামের মৃত্যু হয় বলে দাবি সংশ্লিষ্টদের। তখনও আর্থিক লেনদেনের মাধ্যমে ঘটনাটি আড়াল করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। একই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মৃত্যুর ঘটনায় অভিযোগ ওঠায় তাঁর দায়িত্ব পালন, নিরাপত্তা তদারকি এবং পূর্ববর্তী ঘটনার তদন্ত নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
আনিছের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল রউফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনা শুনে পরে কথা বলবেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। ডেমরা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার কথা শুনেই ফোন কেটে দেন। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী শের আলী বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তবে পুরোপুরি জানি না। আপনি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেন। এ বিষয়ে আমি কিছু বলব না।’
বিজ্ঞাপন
ডিপিডিসির নারায়ণগঞ্জ জোনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, ‘তদন্ত কমিটি তদন্ত করছে। তদন্ত আমাদের মতো করে করব। সেই বিষয় আপনাকে শেয়ার করার সুযোগ নেই। আপনি যা ইচ্ছে তা লেখেন।’
অন্যদিকে ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক (অপারেশন) মো. রবিউল হাসান বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জানেন না। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তী সময়ে ফোন ও ক্ষুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
একাধিক বিদ্যুৎকর্মীর মৃত্যুর ঘটনায় ডিপিডিসির শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুন নাহার নিহত কর্মীদের পরিবারের খোঁজখবর নেননি। এমনকি ঘটনা স্থাল পরিদর্শন করেনি বলে অভিযোগ রয়েছে। এমনকি এ বিষয় জ্বালানি মন্ত্রনালয়ে জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
গণমাধ্যমকর্মীরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাননি বলে জানা গেছে। অথচ রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের অধীন কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নিহতদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তায়।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার সোনা মিয়া মার্কেটের সামনে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ডিপিডিসির বার্ষিক ঠিকাদারি শ্রমিক মো. নজরুল ইসলাম (৫৫)। ধারাবাহিক এসব প্রাণহানির ঘটনা প্রমাণ করে, বিদ্যুৎকর্মীদের নিরাপত্তা ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের তদারকি নিয়ে গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। প্রশ্ন উঠেছেÑবিদ্যুৎকর্মীদের জীবন কি কেবল ঠিকাদারি চুক্তি ও দৈনিক কাজের হিসাবেই সীমাবদ্ধ? কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ, আর্থিং, কাজ শুরুর অনুমতিপত্র এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সরাসরি তদারকি নিশ্চিত না করে কেন তাঁদের মৃত্যুঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে? ডিপিডিসির কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: আনিছ ও আব্দুর রশিদের মৃত্যুর জন্য দায়ী কারা? যথাযথ শাটডাউন ও নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়েছিল কি না? তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশে বিলম্বের কারণ কী? আর্থিক লেনদেন ও তদন্ত প্রভাবিত করার অভিযোগ তদন্তের দাবি জানায় একাধিক লাইনম্যানরা।
বিদ্যুৎকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি কর্তৃপক্ষের আইনগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। একের পর এক মৃত্যুর পরও যদি দায়ীদের জবাবদিহির আওতায় আনা না হয়, তাহলে বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা প্রতিটি নিথর দেহই ডিপিডিসির নিরাপত্তা ব্যবস্থাপনার ব্যর্থতার নির্মম সাক্ষী হয়ে থাকবে। এখন দেখার বিষয়, ডিপিডিসির শীর্ষ কর্তৃপক্ষ অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, নাকি তদন্তের ফাইলেই চাপা পড়ে যায় আরও দুটি শ্রমিকের মৃত্যুর ঘটনা।








