মিয়ানমারে সার-সিমেন্ট পাচার, বিনিময়ে দেশে ঢুকছে ভয়ংকর মাদক

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিনের সংঘাত ও বৈধ বাণিজ্যিক কার্যক্রমে অচলাবস্থার সুযোগ নিচ্ছে সীমান্তকেন্দ্রিক চোরাচালান চক্র। বাংলাদেশ থেকে সিমেন্ট, সার, ডিজেল ও ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য পাচার হয়ে যাচ্ছে দেশটিতে। এর বিনিময়ে অর্থের পাশাপাশি ইয়াবা ও আইসের মতো ভয়ংকর মাদক বাংলাদেশে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় সক্রিয় সংঘবদ্ধ কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে এ অবৈধ বাণিজ্য পরিচালনা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, বিপুল পরিমাণ পণ্য জব্দ এবং একাধিক ব্যক্তিকে গ্রেফতারের পরও বন্ধ হয়নি পাচার কার্যক্রম।
রাখাইন রাজ্যে যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যাহত হচ্ছে বৈধ আমদানি-রপ্তানি। ফলে নির্মাণসামগ্রী, কৃষি উপকরণ ও জ্বালানি পণ্যের সংকট তীব্র হয়েছে। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া এসব পণ্য সীমান্ত পেরিয়ে মিয়ানমারে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে।
তবে উদ্বেগের বিষয় হলো, পণ্য পাচারের বিনিময়ে ইয়াবা ও আইস বা ক্রিস্টাল মেথামফেটামিনের মতো মাদক দেশে আসছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে দেশের ভর্তুকি দেওয়া পণ্য অবৈধ পথে বাইরে চলে যাচ্ছে, অন্যদিকে বাড়ছে মাদক প্রবেশের ঝুঁকি।
বিজ্ঞাপন
যেসব পথে চলছে চোরাচালান
চট্টগ্রাম বন্দর এলাকা, কক্সবাজারের টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিনসংলগ্ন সমুদ্রপথ এবং নাফ নদীকে চোরাচালানের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশেষ করে মিয়ানমারের মংডু এলাকায় বাংলাদেশি পণ্যের চাহিদা বেশি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাচারকারীরা সাধারণত গভীর রাতে ছোট কার্গো নৌকা, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার ব্যবহার করে। উপকূলের নির্জন ঘাট থেকে পণ্য তুলে নাফ নদী কিংবা সমুদ্রপথে রাখাইনের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে বৈধ জেলেদের নৌযানও পাচারের কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ও মিয়ানমারে পণ্যের দামে বিশাল ব্যবধান
দুই দেশের বাজারদরের পার্থক্য পাচারকারীদের জন্য বড় মুনাফার সুযোগ তৈরি করেছে। গত সপ্তাহে রাখাইনে এক বস্তা সিমেন্টের দাম ছিল ২৫ হাজার থেকে ৩১ হাজার কিয়াট, বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় থেকে দুই হাজার টাকা। অথচ বাংলাদেশের বাজারে একই পরিমাণ সিমেন্ট পাওয়া যায় প্রায় ৫৮০ টাকায়।
সারের ক্ষেত্রেও পরিস্থিতি প্রায় একই। মিয়ানমারে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সারের দাম প্রায় ১ লাখ ৫০ হাজার কিয়াট, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা। ডিএপি সারের দাম ১ লাখ ৩৮ হাজার কিয়াট বা প্রায় সাড়ে ৮ হাজার টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, বাংলাদেশে প্রতি বস্তা ইউরিয়া সারের দাম ১ হাজার ৩৫০ টাকা এবং ডিএপি সারের দাম ১ হাজার ৫০ টাকা।
এই বিপুল মূল্য ব্যবধানের কারণে দেশের বিভিন্ন কারখানায় উৎপাদিত সারও পাচারের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের সিইউএফএল, কাফকো ও ডিএপি সার কারখানার উৎপাদিত সারের একটি অংশ সীমান্ত দিয়ে মিয়ানমারে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে সার সরবরাহ করায় দেশের বাজারে দাম তুলনামূলক নিয়ন্ত্রিত থাকে। বিপরীতে মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার সংকট এবং আমদানি ব্যবস্থার দুর্বলতায় এসব পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। এ সুযোগকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় শক্তিশালী পাচার নেটওয়ার্ক গড়ে উঠেছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২৪ সালের শেষ দিকে আরাকান আর্মি বাংলাদেশ-সংলগ্ন মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়। বৈধ বাণিজ্য সংকুচিত হওয়ার পাশাপাশি অনানুষ্ঠানিক লেনদেন ও চোরাচালান বেড়েছে। মাদক, অস্ত্র ও মানবপাচারের সঙ্গে বিভিন্ন পণ্য পাচারের ঘটনাও উদ্বেগজনকভাবে সামনে আসছে।
অভিযানে মিলছে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার
সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক অভিযানে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা বিপুল পরিমাণ সিমেন্ট ও সার উদ্ধার হয়েছে।
বিজ্ঞাপন
সর্বশেষ গত ১০ নভেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় বোটসহ পাঁচজনকে আটক করা হয়।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করে কোস্টগার্ড। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক মূল্য ছিল ৩ লাখ ৭৫ হাজার টাকা।
গত ২৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় তিনজনকে আটক করা হয়। জব্দ করা সারের বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
বিজ্ঞাপন
এ ছাড়া গত ৯ সেপ্টেম্বর রাত ১টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে কোস্টগার্ড। এসব সারের আনুমানিক বাজারমূল্য ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের দুটি বোট আটক করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি সিমেন্ট এবং ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়।
গত ১৯ এপ্রিল রাতে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত কাঠের বোট আটক করে নৌবাহিনী।
বিজ্ঞাপন
এরপর গত ৪ জুন রাতে একই এলাকার কাছাকাছি আরেক অভিযানে পাঁচটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিংবোট, ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট এবং পাচারচক্রের ৫২ সদস্যকে আটক করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কোথাও ট্রাক থেকে কার্গো বা মাছ ধরার নৌযানে পণ্য স্থানান্তর করে পাচারের প্রস্তুতি নেওয়া হয়। আবার কোথাও সরাসরি নৌযানে করে গভীর সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হয়।
সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
বিজ্ঞাপন
গত ৫ নভেম্বর এক অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, সরকারের বরাদ্দ করা সার যেন প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায় এবং তারাই ব্যবহার করেন, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কোনো অসাধু ব্যক্তি যেন এসব সার অপচয় করতে কিংবা দেশের বাইরে পাচার করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
মন্ত্রী আরও জানান, দেশের কয়েকটি সীমান্তবর্তী এলাকায় নির্দিষ্ট কিছু সারের সংকট দেখা যাচ্ছে। প্রতিবেশী দেশে এসব পণ্যের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ করা হয়েছে।
টেকনাফের একটি ইউনিয়নের এক ওয়ার্ড সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সাধারণ মানুষকে আর্থিক প্রলোভন দেখিয়ে চিহ্নিত ইয়াবা ও মানবপাচারকারীরা সার পাচারের কাজে যুক্ত করছে।
আরও পড়ুন
তার ভাষ্য, আরাকান আর্মি মিয়ানমারের সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের মুদ্রা বাংলাদেশে গ্রহণযোগ্য না হওয়ায় পণ্যের বিনিময়ে মাদক দেওয়া হচ্ছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে চিহ্নিত পাচারকারীরা।
সার পাচারের কারণ নিয়ে নিশ্চিত নয় পুলিশ
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘মিয়ানমারের আরাকান অঞ্চল মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকায় সেখানে কৃষিকাজের জন্য বাংলাদেশের দিক থেকে সার নেওয়া হতে পারে। তবে সার পাচারের পেছনে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’
সার ও সিমেন্ট পাচারের সঙ্গে মাদক প্রবেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, পুলিশ প্রায়ই ইয়াবা উদ্ধার করছে।
আটকদের জিজ্ঞাসাবাদে পণ্যের বিনিময়ে মাদক আনার কোনো তথ্য পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, অনেক ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন হয়। তবে সার বা সিমেন্টের বিনিময়ে ইয়াবা দেশে আসার বিষয়টিও তিনি উড়িয়ে দেননি।
ছয় মাসে আট লাখ কেজির বেশি সিমেন্ট জব্দ
কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ১ এপ্রিল থেকে ১ অক্টোবর পর্যন্ত মিয়ানমারে পাচারের সময় ৮ লাখ ১২ হাজার ৯৫০ কেজি সিমেন্ট এবং ৩ লাখ ৭৭ হাজার ৫৫০ কেজি সার জব্দ করা হয়েছে। এসব চোরাচালানের ঘটনায় ২৬২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, ‘উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সমুদ্রপথে সার, সিমেন্টসহ সব ধরনের চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। চোরাচালান প্রতিরোধে ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ঘাটে টহল বাড়ানো হয়েছে।’
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ‘সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি, তথ্যভিত্তিক বিশেষ অভিযান ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কাজ করছে কোস্টগার্ড। এ ছাড়া অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সন্দেহজনক নৌযানে তল্লাশি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
দেশের অর্থনৈতিক স্বার্থ ও সীমান্তবর্তী জলপথের নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
বাড়িতে সার মজুত করে সীমান্তে পাঠানোর অভিযোগ
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, বাংলাদেশে সরকার সারের ওপর ভর্তুকি দেওয়ায় দেশের বাজারের তুলনায় মিয়ানমারে এসব পণ্যের দাম অনেক বেশি। সেখানকার কৃষকরা বেশি দামে সার কিনতে আগ্রহী হওয়ায় একশ্রেণির অসাধু ব্যক্তি বাংলাদেশ থেকে সার পাচারের চেষ্টা করছে। তবে সাম্প্রতিক সময়ে এ প্রবণতা অনেকটাই কমেছে।
আরও পড়ুন
উখিয়ায় সার পাচারবিরোধী কয়েকটি অভিযান পরিচালনার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে মাত্র একটি ঘটনায় উখিয়ার একজন সার ডিলারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্য ঘটনাগুলোতে দেখা গেছে, পাচারের জন্য আনা সার চট্টগ্রাম, রামু, কক্সবাজার সদর, টেকনাফ ও নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে। অসাধু ব্যক্তিরা কৃষক সেজে কিংবা একই পরিবারের একাধিক সদস্যের মাধ্যমে অল্প অল্প করে সার সংগ্রহ করে কোনো একটি বাড়িতে মজুত করেন। পরে সেগুলো সীমান্ত দিয়ে পাচার হয়।’
সারের বিনিময়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশের অভিযোগ প্রসঙ্গে পান্না আক্তার বলেন, ‘সীমান্ত ও নৌপথ ব্যবহার করে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোও বিভিন্ন সময়ে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে তথ্য রয়েছে। এ ধরনের অপরাধ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’
মাদক কারবারের নেপথ্যে থাকা মূল হোতাদের শনাক্ত করা কঠিন বলে উল্লেখ করেন ইউএনও। তাঁর ভাষ্য, বড় মাদক ব্যবসায়ীরা সাধারণত সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন না। বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করেন।
এ কারণে মূল হোতাদের শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আর্থিক অনুসন্ধান চালাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিদের সম্পদের হিসাবও খতিয়ে দেখা হচ্ছে। এ কাজে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস গোপনীয়তা বজায় রেখে সিআইডিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করছে।
মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে পান্না আক্তার বলেন, ‘মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের সঙ্গে আত্মীয়তা কিংবা সামাজিক সম্পর্ক না রাখার মতো সম্মিলিত উদ্যোগ গড়ে উঠলে মাদকবিরোধী লড়াই আরও কার্যকর হবে।’








