Logo

পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৮
পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি প্রতিনিধি।

গাজীপুর মহানগরীর পূবাইলে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাবের এসআরবি-১ স্পেশালাইজড কোম্পানির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে পূবাইল থানাধীন খিলগাঁও এলাকার খোকন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার পূর্ব কলাবান্দা বেপারীপাড়া এলাকার আরিফুল ইসলাম (২৮) ও একই এলাকার মো. সজিব (২৮)। তারা বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক উত্তরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এসআরবি-১ স্পেশালাইজড কোম্পানির দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল জানতে পারে, কয়েকজন মাদক কারবারি যানবাহনে করে ভৈরব থেকে গাজীপুর চৌরাস্তার দিকে গাঁজা নিয়ে আসছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে খিলগাঁও এলাকার খোকন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় গাজীপুর চৌরাস্তার দিকে আসা বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬১০৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের ইঞ্জিন বক্সে বসে থাকা দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেখানো মতে বাসের মালামাল পরিবহনের বক্সে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিশেষ কৌশলে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজার মধ্যে আরিফুল ইসলামের কাছ থেকে পাঁচ কেজি এবং মো. সজিবের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য তিন লাখ টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে আইকন ও সিম্ফনি ব্র্যান্ডের দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোনের জব্দ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনকে পূবাইল থানায় হস্তান্তর করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD