Logo

বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৭ নভেম্বর, ২০২৬, ১৬:২৪
বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন শিক্ষক, একজন ব্যবসায়ী এবং ঢাকায় কর্মরত এক চাকরিজীবী রয়েছেন, যিনি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

বিজ্ঞাপন

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শনিবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব বাকাল গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে ও বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অলিউল রহমান, মধ্য শিহিপাশা গ্রামের হালিম খলিফার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল খলিফা, বাকাল গ্রামের হানিফ মৃধার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য রাব্বি মৃধা, গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও পূর্ব সুজনকাঠী গ্রামের রজব আলী সরদারের ছেলে কামরুল সরদার, উত্তর শিহিপাশা গ্রামের শাহে আলম সরদারের ছেলে ও গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার, কালুপাড়া গ্রামের মৃত আশ্রাব সরদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার এবং মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজিব সরদার।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বাকাল পয়সা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

তিনি সাংবাদিকদের জানান, আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির শিক্ষক মো. অলিউল রহমান ছাত্রজীবনে বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তবে বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় নন।

এ ছাড়া দক্ষিণ শিহিপাশা গ্রামের আওয়ামী লীগ নেতা ইউনুস সরদারের ছেলে রাজিব সরদার ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গৈলা বাজারের ব্যবসায়ী সাইফুল সরদারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় নন বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

আবু সালেহ মো. লিটনের অভিযোগ, আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ার কারণে রাজিব সরদার ও সাইফুল সরদারকে পরিকল্পিতভাবে রাজনৈতিক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD