Logo

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের শিশুসহ ৩ জন

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
৭ নভেম্বর, ২০২৬, ১৪:১৯
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের শিশুসহ ৩ জন
ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের ৮ মাসের শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০), তাদের আট মাস বয়সী শিশু সন্তান রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের শিশুসন্তান রিফা ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬)-কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD