Logo

পূবাইলে অপহরণ ও চাঁদাবাজির মামলায় তিনজন গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
৭ নভেম্বর, ২০২৬, ১৫:২৮
পূবাইলে অপহরণ ও চাঁদাবাজির মামলায় তিনজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলে অপহরণ, মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিদওয়ান (২৬), মো. রাইয়ান (১৯) ও ফারদিন বেপারী (২০)। তাঁরা সবাই পূবাইল থানার মাজুখান এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. বাবু (৪০) নামে এক ব্যক্তি সাতজনকে অভিযুক্ত করে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাঁকে অপহরণ করে মারধর করেন। একই সঙ্গে তাঁর কাছে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মামলাটির তদন্তের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বদরুল মিল্লাত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাজুখান এলাকা থেকে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD