Logo

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৯
ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে কোড্ডা কেবিন এলাকায় কাফনের কাপড় মাথায় বেঁধে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ দুই রেলপথে একাধিক ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রা অনিশ্চয়তার মুখে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল বিচ্ছিন্ন করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিষয়ে একই বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই আন্দোলন করে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। তবে তাঁদের অভিযোগ, দাবি পূরণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এরই মধ্যে নতুন করে সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য, সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে রয়েছে। এ ছাড়া কক্সবাজারগামী বিরতিহীন আন্তনগর পর্যটক এক্সপ্রেসও নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সেখানে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD