শেষ নিঃশ্বাস পর্যন্ত শিবচরের মানুষের পাশে থাকব: এমপি হানজালা

মাদারীপুরের শিবচরে মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা। তিনি বলেছেন, আমি আজ কথা দিয়ে গেলাম,আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাগবো ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজী শরীয়ত উল্লাহ রহ. সমাজ কল্যাণ পরিষদের কমিটি প্রদান উপলক্ষে কর্মী সম্মেলন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি আব্দুর রব খালাসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শরীয়ত উল্লাহ রহ. সমাজ কল্যাণ পরিষদের মহাসচিব পীরজাদা জিয়াউদ্দিন আহমেদ ত্বহা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা বলেন, শিবচরের তরুণ যুবক, বৃদ্ধ বাবারা ও আমার মা-বোনেরা আমাকে ভোট দিয়ে শিবচরের এমপি বানিয়েছেন। আমি আপনাদের জন্য সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করছি উন্নয়নমূলক কাজ করতে। আপনারা আমাকে একটু সময় দিন, আমার ওপর আস্থা রাখুন।" তিনি আরও বলেন, "আমি আজ কথা দিয়ে গেলাম,আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাগবো ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার ব্যবস্থার সেবা প্রসঙ্গে তিনি বলেন, আমাকে যদি সারা শিবচরে এমন ১৮ জন চেয়ারম্যান দিতে পারেন, তবে হানজালা যেমন আপনাদের দুয়ারে দুয়ারে গেছে, তেমনি চেয়ারম্যান-মেম্বাররাও আপনাদের দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেবে। বর্তমানে কোনো নাগরিক সনদ বা সেবার জন্য লোকজনকে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। আমার মনোনীত চেয়ারম্যানদের কাছে কোনো সেবার জন্য আপনাদের ঘুরতে হবে না—এই প্রতিশ্রুতি আমি আজকে দিয়ে গেলাম।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিলখী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুর রব খালাসীর নাম ঘোষণা করেন সংসদ সদস্য। এ সময় উপস্থিত এলাকাবাসীর কাছে তাঁর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে আব্দুর রব খালাসী বলেন, আমি দীর্ঘ দিন প্রবাসে ছিলাম, নিজের জন্য পাওয়ার কিছু নেই। আমি আপনাদের সেবা করতে চাই, তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে সমাজ থেকে মাদক ও দুর্নীতি দূর করতে পারব ইনশাআল্লাহ। তবে এজন্য আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানাতে হবে।
বিজ্ঞাপন
কর্মী সম্মেলন শেষে ৭৯ সদস্যবিশিষ্ট হাজী শরীয়ত উল্লাহ রহ. সমাজ কল্যাণ পরিষদের নিলখী ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুর রব খালাসীকে সভাপতি এবং মো. শামীম মুন্সীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।








