Logo

ডিপিডিসি’র পরিচালক দুর্নীতির বরপুত্র রবিউল

profile picture
বশির হোসেন বাবু
২৪ নভেম্বর, ২০২৬, ১৪:২৫
ডিপিডিসি’র পরিচালক দুর্নীতির বরপুত্র রবিউল
ছবি: সংগৃহীত

ক্লিন ইমেজের আড়ালে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) ও নির্বাহী পরিচালক (অপারেশন)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা মো. রবিউল হাসানের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

একই সঙ্গে নির্বাহী পরিচালক (প্রকৌশল) পদেরও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি। ফলে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তাঁর নিয়ন্ত্রণে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব, ঘনিষ্ঠ মহলের সহযোগিতা এবং নিজস্ব প্রকৌশলী সিন্ডিকেট গড়ে তুলে ডিপিডিসির গুরুত্বপূর্ণ কার্যক্রমে একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠা করেছেন তিনি।

অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় রাজনৈতিক আশীর্বাদপুষ্ট হয়ে ওঠেন রবিউল হাসান। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিনের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে তিনি প্রভাব বিস্তার করেছেন। ওই পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ থেকেও তিনি রেহাই পেয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। জনসমক্ষে নিজেকে দক্ষ, সৎ ও অভিজ্ঞ প্রকৌশলী হিসেবে উপস্থাপন করলেও তাঁর বিরুদ্ধে সরকারি কেনাকাটা, টেন্ডার, প্রকল্পের আর্থিক লেনদেন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, প্রিন্টার, কম্পিউটার, ল্যাপটপ, নেটওয়ার্কিং সফটওয়্যার থেকে শুরু করে বিদ্যুৎ বিল প্রিন্টিংয়ের কাগজপত্র কেনাকাটা পর্যন্ত আইসিটি বিভাগের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রক্রিয়ায় তাঁর প্রভাব রয়েছে।

ডিপিডিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন কর্মকর্তার হাতে একসঙ্গে তিনটি নির্বাহী পরিচালকের দায়িত্ব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। তাঁদের অভিযোগ, তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখায় প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে একচ্ছত্র প্রভাব বিস্তার করছেন রবিউল হাসান। কোনো ফাইল তাঁর টেবিলে গেলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়। বিভিন্ন ক্ষেত্রে নির্ধারিত অঙ্কের অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে। দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নানা কৌশলে হয়রানি ও প্রতিশোধমূলক আচরণের শিকার হতে হয় বলে জানিয়েছেন একাধিক প্রকৌশলী।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকৌশলী বলেন, “তাঁর অত্যাচারে আমরা অতিষ্ঠ। স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব তাঁর নিয়ন্ত্রণে থাকায় তাঁকে পাশ কাটিয়ে কোনো কাজ করার সুযোগ নেই। ফলে সব ক্ষেত্রেই তাঁর অনুমতি ও সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়।”

ডিপিডিসির আইসিটি বিভাগের বিভিন্ন কেনাকাটা ও প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় রবিউল হাসানের প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। প্রিন্টার, কম্পিউটার, ল্যাপটপ, নেটওয়ার্কিং সফটওয়্যার এবং বিল প্রিন্টিংয়ের কাগজপত্র কেনাকাটাসহ বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় তাঁর ঘনিষ্ঠ ঠিকাদারদের প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, আইসিটি বিভাগের কোনো কার্যক্রমে তাঁর সম্মতি ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কঠিন। এমনকি তাঁর কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ঠিকাদাররা রাতারাতি সমাধানের ব্যবস্থা করেন। এ ছাড়া জিটুজি প্রকল্পে পাঁচ কোটি টাকা সম্মানী দাবি করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই অর্থের দাবি পূরণ না হলে তিনি কোনো কোনো ফাইলে স্বাক্ষর করতে অনীহা প্রকাশ করেন। দীর্ঘ কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ফাইল আটকে রাখার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র, আর্থিক লেনদেন ও অনুমোদন প্রক্রিয়া তদন্তের দাবি জানিয়েছেন ডিপিডিসির একাধিক কর্মকর্তা।

করোনাকালীন সময়ে বিদ্যুতের অতিরিক্ত ও ভুতুড়ে বিল নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল। ওই সময় আইসিটি বিভাগের প্রধান হিসেবে রবিউল হাসানের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের অভিযোগ, তৎকালীন প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে তিনি নিজেকে দায়মুক্ত রাখেন এবং বিভিন্ন ক্ষেত্রে অন্য প্রকৌশলীদের ওপর দায় চাপিয়ে দেন।

বিজ্ঞাপন

প্রকৌশলী হিসেবে চাকরিজীবনের বিভিন্ন পর্যায়ে নিয়মিত পদায়ন ও বদলির সুযোগ থাকলেও দীর্ঘদিন একই গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন সহকর্মীরা। তাঁদের মতে, প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রীকরণ ডিপিডিসির স্বাভাবিক কার্যক্রম ও জবাবদিহিকে বাধাগ্রস্ত করছে।

রবিউল হাসানের পারিবারিক সম্পদ নিয়েও নানা অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, দেশে তাঁর নামে দৃশ্যমান সম্পদের বাইরেও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের নামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, রাজধানীর উত্তরায় একটি বহুতল বাড়ি, টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় শ্বশুরের নামে প্লটসহ দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে সম্পদ রয়েছে তাঁর। এ ছাড়া অস্ট্রেলিয়ায় স্ত্রীর নামে বাড়ি ও মার্কেট এবং যুক্তরাষ্ট্রে খামারবাড়ি থাকার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

অভিযোগকারীদের দাবি, তাঁর আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের উৎস খতিয়ে দেখলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে রবিউল হাসান অর্থ ব্যয় করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিনের নির্দেশনায় অর্থায়নের অভিযোগও করেছেন একটি সূত্র। কেরানীগঞ্জে জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকান্ডের অর্থদাতা হিসেবে তাঁর নাম আলোচনায় এসেছে বলেও দাবি করা হয়েছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে কয়েকজন ভুক্তভোগী দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে দুদকের আনুষ্ঠানিক অনুসন্ধান করবে বলে জানা গেছে।

ডিপিডিসিতে কর্মরত আউটসোর্সিং কর্মীদের নিরাপত্তা ও দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহি নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। গত ২৫ অক্টোবর রাজধানীর ডেমরার মেন্দিপুর-থুলথুলিয়া এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগের থ্রি-ফেজ প্রিপেইড মিটার স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ডিপিডিসির আউটসোর্সিংয়ের আওতাধীন ডিএসএস কর্মী মো. আনিছ (৩৫)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। জীবন বাঁচাতে খুঁটি থেকে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি। বিদ্যুতের ঝলকে শরীর ঝলসে যাওয়ার পর কিছু সময় খুঁটিতে ঝুলে থাকেন তিনি। পরে নিচে পড়ে গেলে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ডিপিডিসির ডেমরা ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শের আলী, নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান (১১১৭২) এবং উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল রউফের (১১৩৪২) বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

অভিযোগ আরও গুরুতর। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ ঘটনায় দায়িত্বশীল কর্মকর্তাদের দায় এড়াতে এবং ঘটনা ধামাচাপা দিতে নির্বাহী পরিচালক (অপারেশন)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা রবিউল হাসান ১০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। শুধু আনিছের মৃত্যুর ঘটনাই নয়, ডিপিডিসিতে কোনো লাইনম্যান বা মিটারম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে ১০ লাখ টাকা করে আদায় করা হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন সূত্র।

তাঁদের দাবি, এ ধরনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও অনেক সময় প্রকৃত ঘটনা আড়াল করে মনগড়া প্রতিবেদন তৈরি করা হয়। একজন কর্মীর মৃত্যুর পর দায় এড়াতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রধান কার্যালয়ে বিভিন্ন পর্যায়ে বিষয়টি ম্যানেজ করার অভিযোগও রয়েছে।

সুশাসন ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে কাজ করা বিশেষজ্ঞ জান্নাতুর রহমান বলেন, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক, কারিগরি ও ক্রয়সংক্রান্ত দায়িত্ব দীর্ঘদিন একজন কর্মকর্তার হাতে কেন্দ্রীভূত থাকা স্বচ্ছতা ও জবাবদিহির জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে একই কর্মকর্তা যদি প্রকিউরমেন্ট, অপারেশন ও প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেন, তাহলে স্বার্থের সংঘাত এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

আরেক সুশাসন ও প্রশাসনিক বিশেষজ্ঞ রাজু আহমেদ বলেন, সরকারি প্রতিষ্ঠানের কেনাকাটা ও টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ক্রয়ের অনুমোদন, দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং বিল পরিশোধের নথি স্বাধীনভাবে নিরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থ দাবি কিংবা তদন্ত প্রভাবিত করার অভিযোগ উঠলে শুধু বিভাগীয় তদন্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ অনুসন্ধান করা উচিত।

তাঁদের মতে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কোনো কর্মীর মৃত্যু হলে সেটিকে নিছক দুর্ঘটনা হিসেবে বিবেচনা না করে নিরাপত্তাব্যবস্থা, দায়িত্ব বণ্টন, তদারকি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা যথাযথভাবে তদন্ত করা জরুরি।

এসব অভিযোগের বিষয়ে ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং নির্বাহী পরিচালক (অপারেশন)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা মো. রবিউল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক জনবাণীকে বলেন, “যা ইচ্ছে তা লিখেন। তাতে কোনো সমস্যা নাই।”

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় তাঁর স্ত্রীর নামে বাড়ি থাকার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডিপিডিসির মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একজন কর্মকর্তার হাতে একাধিক নির্বাহী পরিচালকের দায়িত্ব থাকা, কেনাকাটা ও টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, প্রকল্পে অর্থ দাবির অভিযোগ, বিদেশে সম্পদ গঠন এবং কর্মী মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর।

সংশ্লিষ্টদের দাবি, রবিউল হাসানের দায়িত্ব পালনকালীন সব কেনাকাটা ও টেন্ডার, জিটুজি প্রকল্পের আর্থিক লেনদেন, তাঁর সম্পদ ও পারিবারিক সম্পদের উৎস এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দুদকে জমা দেওয়া অভিযোগগুলোর সুষ্ঠু অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD