Logo

হাসিনার গুম রাজত্বে টার্গেট ছিলো ছাত্রদল

বশির হোসেন বাবু
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮
হাসিনার গুম রাজত্বে টার্গেট ছিলো ছাত্রদল
ছবি: পত্রিকা থেকে নেওয়া।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরোধীদলীয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সব সময়েই রাষ্ট্রক্ষমতার চাপে পড়েছে। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সংগঠনটির নেতাকর্মীদের উপর নির্যাতন, গুম ও হত্যার অভিযোগ প্রবলভাবে সামনে এসেছে।

বিজ্ঞাপন

একদিকে ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রভাব, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি অভিযুক্ত হওয়া সব মিলিয়ে ছাত্রদল আজও আতঙ্কে বেঁচে থাকা একটি নাম। শেখ হাসিনার শাসনামলে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর গুম, নির্যাতন ও হত্যা যেন একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যা বিচারহীন থেকে যাচ্ছে এবং এর দায় প্রশাসন থেকে শুরু করে শাসক দলের ঊর্ধ্বতন পর্যায়ের নেতাদের দিকে নির্দেশ করছে। গুম ও হত্যার শিকার পরিবারের সঙ্গে কথা বলে এ সব তথ্য উঠে আসে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ের কয়েকটি আলোচিত ঘটনা। যেখানে ছাত্রদল নেতাদের জীবন শুধু তাদের রাজনৈতিক পরিচয়ের কারণেই শেষ হয়ে গেছে।

গুমের অন্ধকারে হারিয়ে যাওয়া ছাত্রনেতা সুমন: ঢাকার রাজপথে পরিচিত মুখ ছিলেন ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম সুমন। তার পরিবার আজও জানে না। তিনি কোথায়, আদৌ বেঁচে আছেন নাকি নেই। সুমনের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না, তবে তার একমাত্র অপরাধ ছিল বিএনপি ও ছাত্রদলের রাজনীতি করা। তার বৃদ্ধা মা প্রতিদিন অপেক্ষা করেন ছেলের ফেরার আশায়। স্ত্রী ও সন্তানেরাও এখনও অজানার মধ্যে দিন কাটাচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলোর ভাষায়, সুমনের ঘটনা বাংলাদেশে গুমের রাজনীতির সবচেয়ে শোচনীয় উদাহরণগুলোর একটি। শুধু সুমন নয়, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আজও খুঁজে তার স্বজনরা।

২০১৭ সালের ২৯ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রামের চকবাজার থানাধীন চন্দনপুরার বাসায় ঘুমন্ত অবস্থায় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে তুলে নিয়ে যায় রাউজান থানার এসআই জাবেদ। কোনো পরোয়ানা ছাড়াই পরিবারকে দেখিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। পরবর্তীতে জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ এমপি এ বি এম ফজলে করিমের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়েছিল। পরিবারের সদস্যদের চোখের সামনে বিছানা থেকে টেনে নিয়ে যাওয়ার পর নুরুকে নিয়ে যাওয়া হয় রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে। সেখানে অপেক্ষমান ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডাররা পুলিশ সহযোগিতায় তাকে শারীরিক নির্যাতন চালায়। চোখ-মুখ বেঁধে, হাত রশি দিয়ে আটকে ঘণ্টার পর ঘণ্টা নির্যাতনের পর তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। পরদিন কর্ণফুলী নদীর তীরে তার লাশ পাওয়া যায়।

সাত বছর পর, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নুরুর স্ত্রী সুমি আক্তার মামলা দায়ের করেন সাবেক এমপি ফজলে করিমসহ ১৭ জনকে আসামি করে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি নেই। বরং অভিযুক্তদের অনেকেই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

সুমি আক্তার বলেন, আমি চাই শুধু ন্যায়বিচার। আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ খুনিরা বহাল তবিয়তে ঘুরছে। আদালত, প্রশাসন সবাই যেন চোখ বুজে আছে।

ওয়াসিম আকরাম: চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম আকরাম ছিলেন সাহসী ও কর্মঠ নেতা। ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামের মুরাদপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। তখনকার পরিস্থিতি ছিল উত্তাল। হাজারো মানুষ সড়কে নেমে এসেছিল সরকারের পদত্যাগের দাবিতে। পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে ওয়াসিম। পরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

স্থানীয় দুই ছাত্রদল কর্মী জানান, ওয়াসিম ছিলেন “চট্টগ্রামের প্রথম শহীদ”। যিনি গণতন্ত্রের দাবিতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। “ওয়াসিম ভাই ছিলেন আমাদের অনুপ্রেরণা। আজ তিনি নেই, কিন্তু তাঁর রক্তে নতুন প্রজন্মের আন্দোলন আরও শক্তিশালী হবে।”

নূর-এ-আলম: ২০২২ সালের আগস্টে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর-এ-আলম লিফলেট বিতরণ করছিলেন। তার উদ্দেশ্য ছিল বিদ্যুতের সংকট ও অস্বাভাবিক দাম নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশে ১০০% বিদ্যুৎ পৌঁছে গেছে। কিন্তু বাস্তবে নূর-এ-আলমের নিজ গ্রামই অন্ধকারে ডুবে ছিল, প্রতিদিনের লোডশেডিং মানুষকে জর্জরিত করেছিল। শান্তিপূর্ণভাবে লিফলেট বিলির সময় পুলিশ সরাসরি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তার ছোট মেয়ে আজ বাবার মুখ না দেখেই বড় হচ্ছে। স্ত্রী আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ন্যায়বিচারের আশায়। ছাত্রদলের এই নেতাদের ঘটনা আলাদা আলাদা মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো একটি ধারাবাহিকতার অংশ। সুমনের মতো অনেক নেতাকে পরিবার আজও খুঁজে পাচ্ছে না। ওয়াসিম আকরাম ও নূর-এ-আলমের মৃত্যু প্রমাণ করে শান্তিপূর্ণ আন্দোলনও গুলির নিশানা থেকে রক্ষা পায়নি।

ছাত্রদল নেতা জনি হত্যা: ২০১৫ সালের ১৯ জানুযারি সকাল সোয়া ৮টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে যান নুরুজ্জামান জনি ও তার সহপাঠী মইন। কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে তাদের ডিবি পরিচয় দিয়ে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালানো হয়।

ওই সময় খিলগাঁও থানা, ডিবি দক্ষিণ অফিস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিসসহ বিভিন্ন থানায় হন্যে হয়ে খুঁজে বেড়ান জনির সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুনিয়া পারভিনসহ আত্মীয়স্বজনরা। কিন্তু তাকে আটক করা হয়নি বলে জানানো হয়। একদিন পর ২০ জানুয়ারি ভোরে খিলগাঁও থানার জোড়াপুকুর খেলার মাঠের আশপাশের মানুষজন চিৎকার শুনতে পান। নির্যাতিত ব্যক্তিটি ‘পানি পানি’ বলে চিৎকার ও ‘মা মা’ বলে আর্তনাদ করতে থাকেন। ওই রাতের কান্নার শব্দ শুনতে পান একই এলাকার সি-ব্লকের বাসিন্দা লাভলী বেগম। এছাড়া রাত ৩টার দিকে ‘ও মাগো, মা, মা.. বাঁচাও’ বলে কয়েকবার চিৎকার শুনেছেন বলে জানান এ-ব্লকের বাসিন্দা সাইফুদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার সেতু। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতি দেখতে পান প্রতিবেশীরা। পুলিশ তখন জানির পরিবারকে জানান, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জনি নিহত হয়েছেন। এরপর তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যান। সেখানে জনির বুকের বামে, ডান দিকে, দুই হাতের তালুতে ১৬টি গুলির চিহ্ন দেখেন। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তি বা সংগঠনের ক্ষতি নয়, গোটা প্রজন্মকে আতঙ্কে রাখার কৌশল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদল সবসময়ই বিএনপির মাঠের শক্তি হিসেবে কাজ করেছে। তাই ক্ষমতাসীন আওয়ামী লীগ এই সংগঠনকে দুর্বল করার জন্যই ধারাবাহিকভাবে দমন-পীড়ন চালিয়েছে।

একজন বিশ্লেষক বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী মত দমন করা হয় রাজনৈতিক কৌশল হিসেবে, কিন্তু বাংলাদেশে তা রূপ নিয়েছে হত্যাযজ্ঞে। ছাত্রদলের উপর নির্যাতন শুধু সংগঠনের বিরুদ্ধে নয়, বরং গণতন্ত্রের মূল শেকড়ের বিরুদ্ধে আঘাত।

গুম ও হত্যার পরিসংখ্যান: হিউম্যান রাইটস ওয়াচের মতে, শেখ হাসিনার শাসনামলে সাড়ে তিন হাজারেরও বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। এই সংস্থাটি বলেছে, গুমের সাথে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন।

জাতিসংঘের তথ্য বলছে, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে। এই সংস্থা বলেছে, ক্ষমতা ধরে রাখার চেষ্টায় বিক্ষোভকারীদের ওপর নিয়মতান্ত্রিক হামলা ও হত্যার পেছনে সরকারের হাত রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সেলিম হোসেন জ্বয় বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রদল নেতাদের উপর দমন-পীড়ন, গুম ও হত্যার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। সুমনের অজানা পরিণতি, নুরুর নির্মম হত্যা, ওয়াসিম আকরামের শহীদ হওয়া কিংবা নূর-এ-আলমের প্রাণ হারানো—সবই দেখায় বিরোধী ছাত্র সংগঠনের কণ্ঠ রোধ করতে রাষ্ট্র কতটা নির্মম হতে পারে।

তিনি বলেন, আজ সময় এসেছে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার। না হলে ইতিহাস একদিন এই দমন-পীড়নের সাক্ষী হয়ে থাকবে, আর ভবিষ্যৎ প্রজন্ম বারবার প্রশ্ন করবে। গণতন্ত্রের নামে এই হত্যার রাজনীতি কতদিন চলবে।

এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক ড. মোহাম্মদ আজাদ বলেন, শেখ হাসিনার শাসনে বিরোধীদলীয় ছাত্র সংগঠনগুলোর ওপর দমন-পীড়ন একটি পরিকল্পিত রাজনীতি। ছাত্রদল নেতাদের গুম ও হত্যার ঘটনা শুধু একটি রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নয়, বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিক কাঠামোর ওপর আঘাত। এর ফলে তরুণ প্রজন্ম রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দুরে সরে যাচ্ছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে।”

রাজনীতি ও মানবাধিকার বিশেষজ্ঞ প্রফেসর রাশেদুল ইসলাম বলেন, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম-নির্যাতনের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। ক্ষমতাসীন দল যখন বিরোধীদের নীরব করে দিতে গুম-নির্যাতনের পথ বেছে নেয়, তখন গণতন্ত্রের প্রানশক্তিই ক্ষুণ্ণ হয়। সরকারের উচিত দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা যাতে সত্যের মুখ উন্মোচিত হয়।”

রাজনৈতিক বিশ্লেষক সুমাইয়া রহমান বলেন, “ছাত্রদলের ওপর হামলা শুধুমাত্র রাজনৈতিক নিপীড়ন নয়, এটি একটি প্রজন্মের ওপর ধারাবাহিক মানসিক এবং শারীরিক অত্যাচার। এসব ঘটনা বিচারহীন থেকে গেলে রাজনৈতিক সহিংসতা ও বিভাজনের পরিধি বেড়ে যাবে এবং দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা গড়ে উঠবে।”

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD