ডিপিডিসির এমডি পদের প্রার্থীরা স্বৈরাচারের দোসর

রাজধানীর বিদ্যুৎ ভবনে আগামী ২৬ সেপ্টেম্বর এক বিশেষ আয়োজনের মাধ্যমে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
যদিও এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া বলে মনে হচ্ছে, এর পেছনে রয়েছে নানা বিতর্ক, ক্ষোভ এবং অসন্তোষ। ডিপিডিসির অধিকাংশ এমডি পদে প্রার্থীরা আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর হিবেবে পরিচিত।
প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে যে ন্যায্য পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন, তা এই নিয়োগ প্রক্রিয়ায় উপেক্ষিত হয়েছে, এবং তারা বিশেষত বর্তমান মানদণ্ডের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। তাদের মতে, বর্তমান প্রক্রিয়া অনেক মেধাবী ও অভিজ্ঞ প্রকৌশলীদের সুযোগ দেয়নি এবং এতে যোগ্যতার বদলে রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্কের প্রভাব রয়েছে।
ডিপিডিসি সুত্র জানায় গত ২১ সেপ্টেম্বর ডিপিডিসির নির্বাহী পরিচালক (অ্যাডমিন ও এইচআর) এবং নিয়োগ কমিটির সদস্য সচিব সোনা মনি চাকমার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৯টায় বিদ্যুৎ ভবনের সম্মেলন কক্ষে এমডি নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ জন প্রার্থীর মধ্যে ১২ জনকে চূড়ান্ত করা হয়েছে, যাদের মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে বলে ডিপিডিসির দাবি। তারা জানান, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সংশ্লিষ্টতা এখানে কোনোভাবেই বিবেচনা করা হয়নি। তবে প্রকৌশলীদের একটি বড় অংশ এই দাবি মেনে নিতে পারছে না। তাদের মতে, তালিকাভুক্ত কয়েকজন প্রার্থী রাজনৈতিক প্রভাবের কারণে সুযোগ পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে ডিপিডিসির এমন দাবি প্রকৌশলীদের মধ্যে আরও হতাশা সৃষ্টি করেছে। প্রকৌশলীরা মনে করছেন, যারা প্রকৃতপক্ষে বিদ্যুৎ খাতের জন্য যথেষ্ট যোগ্য, তাদের এই প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়নি। বরং যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদোন্নতি পেয়েছেন, তাদের সামরিক এবং রাজনৈতিক সুবিধা রয়েছে।
প্রকৌশলীরা দাবি করছেন, বিদ্যমান নিয়োগ মানদণ্ডের কারণে অনেক অভিজ্ঞ প্রকৌশলী আবেদন করতে পারেননি।
একজন শীর্ষ প্রকৌশলী, যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে ডিপিডিসিতে কাজ করছেন, হতাশ হয়ে বলেন, আমরা দীর্ঘদিন ধরে ডিপিডিসিতে কাজ করে এসেছি, কিন্তু পুরোনো মানদণ্ডের কারণে এখন আবেদন করতে পারছি না। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত।” তার মতে, এই মানদণ্ড প্রকৌশলীদের দক্ষতা এবং অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করছে না। আরেকজন প্রকৌশলী তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “তালিকাভুক্ত কিছু প্রার্থীর মাঠ পর্যায়ের যে দক্ষতা থাকা দরকার, সেটা তাদের নেই। এখন যদি তাদের কাউকে এমডি করা হয়, তাহলে প্রতিষ্ঠান কীভাবে চলবে? এর মানে, তারা মনে করেন যে, এই নিয়োগ প্রক্রিয়া যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের ওপর বেশি নির্ভর করছে, যা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশ্ববিদ্যালয়ে বা সরকারি অফিসের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের আলোচনা অনেক পুরনো, কিন্তু ডিপিডিসির এমডি নিয়োগ প্রক্রিয়ায় এই বিষয়টি আরও বেশি আলোচিত হচ্ছে। প্রকৌশলীরা অভিযোগ করছেন, কিছু প্রার্থী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পদোন্নতি পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও রয়েছে। মো. শাহিদুল ইসলাম, যিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করেছেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ ছিলেন এবং এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই অভিযোগটি প্রকৌশলীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে, কারণ তারা মনে করছেন, একজন মেধাবী প্রকৌশলী হওয়ার চেয়ে রাজনৈতিক প্রভাব খাটানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে রাজনৈতিক কারণে বঞ্চনার শিকার হয়েছেন ডেসকোর সাবেক নির্বাহী পরিচালক অপারেশন (অতিরিক্ত দায়িত্ব) মো. শরিফুল ইসলাম। তিনি বিএনপি মতাদর্শের প্রকৌশলী হওয়ায় চাকরিজীবনে সময়মত পদোন্নতি পাননি। জানা যায়, আওয়ামী শাসনামলে ডিপিডিসিসহ বেশ কয়েকটি বিদ্যুৎ বিতরণী কোম্পানিতে নির্বাহী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম-দ্বিতীয় হলেও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে নিয়োগ দেওয়া হয়নি।
অন্যদিকে, মো. জাকির হোসেন, যিনি সাবেক নির্বাহী পরিচালক, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ছিলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধাভোগী হওয়া এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর ফলে, তিনি যখন তালিকায় স্থান পান, প্রকৌশলীরা এটি একটি অপ্রত্যাশিত ঘটনা হিসেবে দেখছেন, যা তাদের মধ্যে আরও বেশি বিতর্কের জন্ম দিয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আশীর্বাদে ডেসকো’র রাজা হতে চেয়েছিলেন চরম বিতর্কিত এই প্রকৌশলী। দুর্ণীতিবাজ ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নেতা, ফ্যাসিববাদী সরকারের সময় তার দাপটে সবসময় তটস্থ থাকতেন বিভিন্ন বিভাগের সহকর্মীরা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্নীতির দায় মাথায় নিয়ে চাকরি থেকে অবসরে যেতে হয়েছে।
কিউ এম শফিকুল ইসলামও একটি বিতর্কিত নাম, যাকে সাবেক বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের সুপারিশে ডিপিডিসিতে নির্বাহী পরিচালক চাকরি পেয়ে যান। তার প্রযুক্তিগত দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তার যোগ্যতা সম্পর্কে সন্দেহ রয়েছে। পিজিসিবি থেকে কিউ এম শফিকুল ইসলাম বিগত সরকারের সময় সাবেক বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের হাত ধরেই ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) পদে নিয়োগ পেয়েছিলেন। তার নিয়োগ নিয়ে তখনই অনেক প্রশ্ন উঠেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী প্রকৌশল পরিষদ বিদ্যুৎ খাতের দুুর্নীতিবাজদের যে তালিকা করেছিল, সেখানে তার নাম ছিল প্রথম সারিতে। প্রকৌশলীদের অভিযোগ, ডিস্ট্রিবিউশনে কিউ এম শফিকুলের যোগ্যতা একেবারেই নেই। একজন নির্বাহী প্রকৌশলীর মাঠ পর্যায়ে যে দক্ষতা রয়েছে, নির্বাহী পরিচালক হিসেবে তার তা-ও নেই। এই বাস্তবতায় উনি যদি এমডি পদে নিয়োগ পান, তবে সংস্থা চলবে কীভাবে- এমন প্রশ্ন তুলেছেন প্রকৌশলীরা।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রযুক্তিগতভাবে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি হলে, প্রতিষ্ঠানটির অগ্রগতি অনেকাংশে নিশ্চিত করা সম্ভব, কিন্তু রাজনৈতিক সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তিরা সেই অভিজ্ঞতা এবং দক্ষতা বহন করেন না, এই সব অদক্ষ কর্মকর্তারা নিয়োগ পেলে সঠিক পরিচালনায় আটকে থাকবে ডিপিডিসি। এ তালিকায় অন্তত ৬ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলি বিদ্যুৎ খাতের কার্যক্রম এবং প্রশাসনিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। মো. মফিজুল ইসলাম ভূঁইয়া, যিনি ডেসকোর প্রধান প্রকৌশলী, দুর্নীতির অভিযোগে আলোচিত এবং রাজনৈতিক আশ্রয়ে পদোন্নতি ও সুবিধা ভোগের অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে , তিনি রাজনৈতিক আশ্রয়ে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, এবং তার দক্ষতা বা মেধার তুলনায় এই পদে তার অবস্থান প্রশ্নবিদ্ধ। তিনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আশীর্বাদপুষ্ট। সূত্রে জানা যায়, দুর্নীতিপরায়ণ এই কর্মকর্তা পতিত সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সখ্য থাকায় সে সময় ব্যাপক সুবিধা ভোগ করেন। অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমি পদোন্নতি পেয়েছি। নেসকোর সাবেক নির্বাহী পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ শহীদ হোসেন সংস্থাটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলে অভিযোগ রয়েছে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একান্ত আস্থাভাজন জাকিউল ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি বছর পদত্যাগ করেন। পরবর্তীতে মোহাম্মদ শহীদ হোসেনের আর চুক্তি নবায়ন করা হয়নি।
ডিপিডিসির জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হাসানাত চৌধুরীর বিরুদ্ধে প্রকৌশলী-কর্মকর্তা-কর্মচারীদের রয়েছে বিস্তর অভিযোগ। তারা বলছেন, পতিত সরকারের শীর্ষ পর্যায়ে তার যোগাযোগ ছিল। এই কর্মকর্তা তার দপ্তরের কক্ষে অটোলক ব্যবহার করে অফিস করেন। বদমেজাজী এই কর্মকর্তাকে জরুরি প্রয়োজনে কখনই পাশে পাওয়া যায় না বলে অভিযোগ অধীনস্তদের।
অনুসন্ধানে অধিকাংশ প্রার্থীদের বিরুদ্ধে মিলেছে পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা, অনিয়ম-দুর্নীতিসহ নানাবিধ অভিযোগ। বিপিডিবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহিদুল ইসলাম সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এই ধরনের বিতর্কিত চরিত্রদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ প্রকৌশলীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা মনে করেন, এই প্রক্রিয়ায় যোগ্যতা ও দক্ষতার জায়গায় রাজনৈতিক প্রভাবের দখল বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ খাতের শীর্ষ পদে প্রকৌশলীদের জন্য যথাযথ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞরা বারবার মানদণ্ড সংশোধন করার প্রস্তাব দিয়েছেন। তারা মনে করছেন, বিদ্যুৎ খাতের শীর্ষ পদগুলোর জন্য যদি দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীদের সুযোগ না দেওয়া হয়, তাহলে দেশের বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা থেকেই যাবে। বিদ্যুৎ খাত একটি দেশীয় অবকাঠামো এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, যার মান উন্নয়ন এবং কার্যকারিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিদ্যুৎ খাতের অগ্রগতি স্থবির হয়ে পড়েছে, যা দেশের অর্থনীতি এবং সাধারণ জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই খাতে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নিশ্চিত না করা হলে, খাতের শীর্ষ পদের কর্মকর্তা হিসেবে রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতি প্রবণতা বাড়বে, যা পুরো সিস্টেমের কার্যকারিতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে।
ডিপিডিসির নীরবতা: এদিকে, ডিপিডিসির নির্বাহী পরিচালক সোনা মনি চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, এই নীরবতা প্রকৌশলীদের মধ্যে আরও সন্দেহের সৃষ্টি করেছে, কারণ তারা মনে করছেন, যদি এতো বড় একটি প্রতিষ্ঠান এমন বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যথাযথ তথ্য বা ব্যাখ্যা না দেয়, তাহলে সবার কাছে এটি সংকটের বিষয় হয়ে দাঁড়াবে।
এবিষয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, বিদ্যুৎ খাত বাংলাদেশের অর্থনীতি এবং নাগরিক জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। কিন্তু ডিপিডিসির এমডি নিয়োগের প্রক্রিয়া এবং এর সাথে সম্পর্কিত বিতর্ক, অভিযোগ এবং ক্ষোভ এই খাতের সংস্কৃতির অগ্রগতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। প্রকৌশলীদের দাবি, যদি বিদ্যমান মানদণ্ডে নিয়োগ প্রক্রিয়া চালু থাকে, তবে রাজনৈতিক প্রভাব এবং অনিয়মের চক্র ভাঙা সম্ভব হবে না। এই পরিস্থিতি শুধু বিদ্যুৎ খাতের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক নয়, বরং এটি জাতীয় উন্নয়নেও বাধা সৃষ্টি করতে পারে। তাই সময়ের সাথে সাথে খাতের উন্নয়ন এবং সঠিক নেতৃত্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানদণ্ড পুনর্বিবেচনা করতে হবে, যাতে এটি সত্যিকার অর্থে সবার জন্য সুবিচার নিশ্চিত করে এবং বিদ্যুৎ খাতে দক্ষতার উন্নতি হয়।








