Logo

সাংবাদিকের রক্ত চায় গণপূর্তের কায়কোবাদ

profile picture
মো. বাকি বিল্লাহ
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৭
সাংবাদিকের রক্ত চায় গণপূর্তের কায়কোবাদ
ছবি: পত্রিকা থেকে নেওয়া।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও টার্গেট করার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

‘দৈনিক জনবাণী’ পত্রিকায় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ও অনিয়ম উন্মোচন করার পর থেকেই কায়কোবাদের পক্ষ থেকে ওই পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের সঙ্গে অশোভন আচরণ করা হয়। এ ছাড়া সামাজিক মাধ্যমে ওই সাংবাদিককে নিয়ে নানা ভাবে ইঙ্গিতপূর্ত আশালিন মন্তব্য করেন ইউসুফ জসিম নামে এক ব্যাক্তি। তিনি সাংবাদিকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে হুমকি দাতা একজন ঠিকাদার। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদের সঙ্গে তার একটি সু-সম্পর্ক রয়েছে। ওই ঠিকাদারকে নিয়মিত গণপূর্তে কাজ পেতে সহযোগিতা করেন এই তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এ ছাড়াও বৃহস্পতিবার বিকেলে ঢাকার মগবাজার হলিফ্যামিলি হাসপাতাল সড়কে একটি মটরবাইকে দুই ব্যাক্তি এসে সাংবাদিক বশিরকে নানা ভাবে শাসিয়ে হুমকি-ধামকি দেন। যাতে করে কায়কোবাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেন। জানা গেছে, এই গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরে প্রভাব খাটিয়ে অনৈতিক নিয়োগ, দুর্নীতিপূর্ণ প্রকল্প অনুমোদন ও রাজনৈতিক সংশ্লিষ্টতার মাধ্যমে পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়ার অভিযোগ উঠে আসে।

কি ছিল সেই রিপোর্টে: ২৪ সেপ্টেম্বর ‘জনবাণী’-তে প্রকাশিত প্রতিবেদনে শিরোনাম ছিলো ”১০ কোটিতে পদোন্নতি কিনছেন কায়কোবাদ” এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিলো ”মুজিববর্ষের দুইশ কোটি টাকা কায়কোবাদের পকেটে” উল্লেখ করা হয়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদ একটি নির্দিষ্ট নিয়োগ বোর্ড গঠনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে পদায়ন করেন, যা প্রতিষ্ঠানের সার্বিক সুশাসনকে প্রশ্নবিদ্ধ করে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, প্রকৌশলী কায়কোবাদ দীর্ঘদিন ধরে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে প্রকল্প বাছাই, টেন্ডার প্রক্রিয়া এবং পদায়ন নীতিতে প্রভাব বিস্তার করে চলেছেন। অভিযোগ উঠেছে, মুজিববর্ষ উদযাপনের প্রায় চারশ কোটি টাকার প্রকল্প থেকে দুইশ কোটি টাকা আত্মসাৎ করেন। ভুয়া প্রাক্কলন, সিন্ডিকেট এবং রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে কালো টাকার মালিক বনে গেছেন তিনি। নিজেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দিতে তিনি এখন ১০ কোটি টাকার ঘুষ ‘বাজেট’ নিয়ে মাঠে নেমেছেন। এই দুর্নীতিবাজ কর্মকর্তার অতীতের নানা অনিয়মের তথ্য থাকা সত্ত্বেও তাকে পদোন্নতির দৌড়ে রাখায় প্রশ্ন উঠেছে প্রশাসনের স্বচ্ছতা ও সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে।

সাংবাদিকের প্রতি হুমকি ও চাপের অভিযোগ: রিপোর্ট প্রকাশের পর থেকেই সাংবাদিক বশির হোসেন খান-এর প্রতি পরোক্ষ হুমকি, তদবির এবং পেশাগত বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রকৌশলী কায়কোবাদ তার ঘনিষ্ঠ মহলে ওই সাংবাদিককে “শায়েস্তা করতে হবে” বলেও মন্তব্য করেছেন।

বশির হোসেন খান নিজেই জানান “আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে তথ্য-প্রমাণের ভিত্তিতে রিপোর্ট করেছি। এখন সেটির কারণে টার্গেট হওয়া বা হুমকি পাওয়া শুধু সাংবাদিকের জন্য নয়, মুক্ত সাংবাদিকতার জন্যই হুমকির বিষয়।”

বিজ্ঞাপন

সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া: সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সহকর্মীরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, “গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই যদি সাংবাদিকরা হুমকির মুখে পড়েন, তবে গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা কোথায় থাকবে?”

নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা: এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিক বশির হোসেন খানের পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষার দাবি জানিয়েছে বিভিন্ন পেশাজীবী ও মিডিয়া সংগঠন। পাশাপাশি দুর্নীতির অভিযোগের যথাযথ অনুসন্ধান করে গণপূর্ত অধিদপ্তরের দায়ী কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD