Logo

‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো উন্নতি হয়েছে’

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৩
‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো উন্নতি হয়েছে’
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চলতি বছরে টাইগারদের ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতের বড় আসরগুলোতে ভালো করার সম্ভাবনাকে আরও জোরালো করেছে বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

চলতি বছর বাংলাদেশ মোট ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৫টিতে জয় পেয়েছে দলটি, হেরেছে ১৪টি ম্যাচে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ ম্যাচ জয়ের নতুন রেকর্ডও গড়েছে বাংলাদেশ। পাশাপাশি টানা চারটিসহ মোট পাঁচটি সিরিজ জিতেছে টাইগাররা, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভালো করার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ভালো উন্নতি হয়েছে। আমরা নিজেদের জন্য একটি লক্ষ্যস্থির করেছি এবং সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি চলে এসেছি। আমি বলব না যে, আমরা সবকিছু অর্জন করেছি। কিন্তু এ বছর আমাদের বেশিরভাগ সাফল্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এসেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা অনেকগুলো টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। যা আমাদের উন্নতি করতে সাহায্য করেছে। বিশ্বকাপের আগে আমাদের অনেক পরিকল্পনা আছে। এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমরা যে ফলাফল আশা করেছিলাম তা পেয়েছি।’

টি-টোয়েন্টি ক্রিকেট কিভাবে খেলতে হবে সেই ধারণা এ বছর খেলোয়াড়রা ভালোভাবে পেয়েছে বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টি-টোয়েন্টি সর্ম্পকে ভালো ধারণা হয়েছে খেলোয়াড়দের। তারা এখন জানে কিভাবে খেলা উচিত। এ বছর এটিই সবচেয়ে বড় অর্জন। ব্যাটাররা নিজেদের দায়িত্ব অনুযায়ী খেলেছে। এমন সময় ছিল, যখন পরিকল্পনা বাস্তবায়ন হত না। এখন সবাই নিজেদের দায়িত্ব সর্ম্পকে ভালো বুঝতে পারে।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD