Logo

গুরবাজের কক্ষে অনুমতি ছাড়া আকুর উপস্থিতি, ক্ষোভ প্রকাশ ঢাকার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১২:১৪
গুরবাজের কক্ষে অনুমতি ছাড়া আকুর উপস্থিতি, ক্ষোভ প্রকাশ ঢাকার
ছবি: সংগৃহীত

বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকু)-এর একাধিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে ঢাকা ক্যাপিটালস। দলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতিক ফাহাদ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই বিদেশি ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজের কক্ষে ঢুকে জিজ্ঞাসাবাদ করেছে আকুর সদস্যরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিক ফাহাদ বলেন, শুক্রবার সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয় দলকে। তার ভাষায়, আফগান ব্যাটার গুরবাজ ভোরের দিকে ঘুমাতে যান। ঠিক তখনই আকুর কয়েকজন সদস্য কোনো পূর্বানুমতি ছাড়াই তার রুমে প্রবেশ করেন।

আতিক জানান, “টিম ম্যানেজার বা কোনো কর্মকর্তাকে না জানিয়েই তারা শুধু দরজায় নক করে ভেতরে ঢুকে পড়ে। এতে গুরবাজ সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে যায়। ঘুম থেকে উঠে সে বুঝতেই পারছিল না আসলে কী ঘটছে।”

বিজ্ঞাপন

ঘটনার পর গুরবাজ তার অসন্তোষ প্রকাশ করেন উল্লেখ করে ঢাকার সিইও বলেন, আকুর সদস্যরা গুরবাজের মোবাইল ফোন পরীক্ষা করেন এবং বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট তিনি মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন বলে জানান গুরবাজ।

এই ঘটনার সত্যতা ও নিয়মকানুন জানতে গুরবাজ পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। আতিক ফাহাদের ভাষ্য অনুযায়ী, আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট তাকে জানায়—এ ধরনের জিজ্ঞাসাবাদের আগে অবশ্যই টিম ম্যানেজারের মাধ্যমে খেলোয়াড়কে অবহিত করতে হয় এবং তার সম্মতি নেওয়ার পরই প্রশ্ন করা যায়।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে আতিক ফাহাদ আরও বলেন, “কোনো খেলোয়াড়ের রুমে অনুমতি ছাড়া ঢুকে এভাবে বিরক্ত করা আইসিসির নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক। গুরবাজ আমাকে স্পষ্ট করে বলেছে, ভবিষ্যতে যদি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সে এখানে আর খেলতে আসতে আগ্রহী নাও থাকতে পারে।”

এই ঘটনায় ঢাকার পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম ও খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নের সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন দলের সিইও।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD