Logo

অনির্দিষ্টকালের জন্য স্থগিতের পথে বিপিএল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৮:৪০
অনির্দিষ্টকালের জন্য স্থগিতের পথে বিপিএল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের চলমান আন্দোলন ও মাঠে না ফেরার অবস্থানের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত হয় বিসিবির এক পরিচালকের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। গতকাল ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, যা নিয়ে দেশজুড়ে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার মন্তব্যকে অবমাননাকর ও অগ্রহণযোগ্য দাবি করে পদত্যাগের আহ্বান জানায় ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বর্জনের ঘোষণাও দেয়।

ক্রিকেটারদের চাপ ও সমালোচনার মুখে বিসিবি নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে এতেও পরিস্থিতির উন্নতি হয়নি। ক্রিকেটাররা তাদের অবস্থান থেকে সরে আসেননি এবং মাঠে না ফেরার সিদ্ধান্তেই অটল থাকেন। এর ফলে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বিপিএল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বিপিএল টেকনিক্যাল কমিটি রাতেই সব ফ্র্যাঞ্চাইজি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে।

বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান বাস্তবতায় খেলোয়াড়দের অংশগ্রহণ ছাড়া টুর্নামেন্ট চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিপিএল স্থগিত রাখার পথেই হাঁটছে বোর্ড।

বিজ্ঞাপন

এদিকে বিপিএল স্থগিতের খবরে ফ্র্যাঞ্চাইজি মালিক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দ্রুত সমঝোতার মাধ্যমে সংকট সমাধান করে আবারও মাঠে খেলা ফেরানোর আহ্বান জানাচ্ছেন। তবে আলোচনার মাধ্যমে কবে নাগাদ সমাধান হবে এবং বিপিএল পুনরায় শুরু হবে—সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানায়নি বিসিবি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD