বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছে না ‘এ’ প্লাস ক্যাটাগরি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন কেন্দ্রীয় চুক্তি তালিকায় এবার ‘এ’ প্লাস ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিন সংস্করণে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) নিয়মিত খেলা ক্রিকেটারের ঘাটতির কারণেই সর্বোচ্চ এই গ্রেড বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রতিবছর বছরের শুরুতে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে থাকে বিসিবি। যদিও ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে নতুন তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন কেবল বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২২ জন ক্রিকেটার। এবার সেই সংখ্যা বাড়িয়ে ২৭ জনে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। এতে নতুন করে কয়েকজন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রস্তাবিত তালিকাটি বর্তমানে বোর্ড সভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: অপরাজিত বাংলাদেশ: সাত ম্যাচে সাত জয়
বিজ্ঞাপন
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-কে বিসিবির এক কর্মকর্তা বলেন, “এবারের কেন্দ্রীয় চুক্তিতে আমরা কোনো ‘এ’ প্লাস ক্যাটাগরি রাখছি না। কারণ বর্তমানে এমন কোনো ক্রিকেটার নেই, যিনি তিন সংস্করণেই নিয়মিত খেলছেন—যা ‘এ’ প্লাস ক্যাটাগরির অন্যতম শর্ত। আমরা ২৭ জনের একটি তালিকা প্রস্তুত করেছি, এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।”
উল্লেখ্য, ২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় পরিবর্তন এনে আবার ইউনিভার্সাল গ্রেডিং পদ্ধতিতে ফিরে যায়। সে অনুযায়ী ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে—এ প্লাস, এ, বি, সি ও ডি—ভাগ করা হয়। এর আগে আলাদা করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ভিত্তিক চুক্তির ব্যবস্থা ছিল।
২০২৫ সালের চুক্তিতে ফেব্রুয়ারি পর্যন্ত থাকা মাহমুদউল্লাহ রিয়াদ নতুন তালিকায় নেই। সব সংস্করণ থেকে অবসর নেওয়ায় এবার তাকে বিবেচনায় আনা হয়নি। তবে আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকাতেও জায়গা ধরে রেখেছেন।
বিজ্ঞাপন
এ ছাড়া নতুন করে ছয়জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় যুক্ত করা হয়েছে। তারা হলেন—শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।








