আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

কোপা আমেরিকা ফুটসালের ফাইনালে আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে ১২তম শিরোপা জিতেছে ব্রাজিল। সোমবার (২ ফেব্রুয়ারি) প্যারাগুয়ে অলিম্পিক কমিটির অস্কার হ্যারিসন স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে সেলেসাওরা রোমাঞ্চকর জয়ের হাসি হাসে।
বিজ্ঞাপন
ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের আক্রমণাত্মক খেলা আর্জেন্টিনাকে চাপে ফেলে। রাশিয়ার ক্লাব ক্রাসনোদারের খেলোয়াড় জোয়াও ভিক্টর দুই আর্জেন্টাইন খেলোয়াড়কে কাটিয়ে গোল করে দলকে এগিয়ে দেন। আর্জেন্টিনা তখনও প্রতিপক্ষের আক্রমণ সামলাতে একাধিক ফাউল করতে বাধ্য হয়। ব্রাজিলের গোলরক্ষক মাতেউস গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টাইন শটগুলো রুখে দলকে বিপদ থেকে বাঁচান।
ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনা সমতা ফেরায়। মাতিয়াস রোসার গোলে স্কোর ১–১ হয়। কিন্তু মাত্র এক মিনিট পর বার্সেলোনার খেলোয়াড় দিয়েগো হেনরিক ব্রাজিলকে ২–১ ব্যবধানে জিতিয়ে দেন।
বিজ্ঞাপন
ব্রাজিল কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে রেকর্ড ১২তম শিরোপা নিশ্চিত করল। আর্জেন্টিনা এখনও পর্যন্ত তিনবার এই প্রতিযোগিতার ট্রফি জিতেছে। কোপা আমেরিকার ১৫তম আসরে তৃতীয় স্থান অধিকার করে পেরু।








