Logo

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে মারুফার ২০৬ ধাপ উন্নতি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪৭
টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে মারুফার ২০৬ ধাপ উন্নতি
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ পারফরম্যান্স করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সাফল্যে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেসার মারুফা আক্তারের পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে আন্তর্জাতিক র‍্যাংকিংয়েও।

বিজ্ঞাপন

সাম্প্রতিক হালনাগাদে নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে বড় উত্থান হয়েছে মারুফার। থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে উইকেট নেওয়ার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষেও একটি শিকার করেন তিনি। ধারাবাহিক এই সাফল্যে এক লাফে ২০৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৯২তম স্থানে উঠে এসেছেন এই তরুণ পেসার।

বোলিংয়ে উন্নতি হয়েছে আরও দুজনের। স্পিনার নাহিদা আক্তার নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ১০ রানে ৩ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে এখন ২৮তম স্থানে। অন্যদিকে লেগ স্পিনার স্বর্ণা ৪৩ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৭৪ নম্বরে।

বিজ্ঞাপন

ব্যাটারদের র‍্যাংকিংয়েও এসেছে ইতিবাচক পরিবর্তন। বাছাই পর্বে সাত ম্যাচে ২৬২ রান করে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন সোবহানা মোস্তারি। ১৬ ধাপ এগিয়ে তিনি এখন ৩৬তম।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলায় ৩ ধাপ উন্নতি করে আছেন ১৯তম স্থানে। আর দিলারা আক্তার ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৫ নম্বরে।

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স যে কেবল মাঠেই নয়, পরিসংখ্যানেও ছাপ ফেলছে— এই র‍্যাংকিং উন্নতিই তার প্রমাণ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD