বড় ব্যবধানে জিতে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ আবারও ভারত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ দল। টানা তিন জয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের কিশোরীরা। বুধবার নেপালের পোখারা রঙ্গশালায় স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ের টিকিট কেটে নেয় বাংলাদেশ।
বিজ্ঞাপন
এর আগে দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত হয়।
দিনের অন্য ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল। নেপাল বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে তাদের ফাইনালের সম্ভাবনা থাকত। কিন্তু সেই সমীকরণ মেলেনি। ফলে বাংলাদেশ ও ভারত—দুই দলই ফাইনালে জায়গা করে নেয়।
বিজ্ঞাপন
নেপালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটে মিরা খাতুন দলকে এগিয়ে নেন। বিরতির ঠিক আগে আলপি আক্তার ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলপি। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরেও ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সেই ম্যাচ নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারেও ১১-১১ সমতায় থাকায় দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। দুই বছর পর আবারও শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
বিজ্ঞাপন
লিগ পর্ব শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ এবং ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষ দুই দল শনিবার বিকেল ৩টায় ফাইনালে লড়বে।








