বিশ্বকাপ নিয়ে আক্ষেপ নয়, বর্তমানেই ফোকাস সালাউদ্দিনের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় হতাশায় ডুবে নেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে, নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে অযথা দুশ্চিন্তা না করে খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স ও উন্নতির দিকেই মনোযোগ দেওয়া জরুরি।
বিজ্ঞাপন
বুধবার ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সঙ্গে একমত হতে না পারায় বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলছে না—এই প্রসঙ্গেও শান্তভাবেই নিজের অবস্থান জানান তিনি।
সালাউদ্দিন বলেন, একটি বড় টুর্নামেন্টে না খেলতে পারা হতাশার হলেও সেটিকে ঘিরে হা-হুতাশ করে বসে থাকার মানুষ আমি না। তার ভাষায়, ভবিষ্যৎ নিয়ে অকারণ উদ্বেগ না বাড়িয়ে বর্তমান অবস্থায় সেরাটা দেওয়াই আসল লক্ষ্য। খেলাটার মানোন্নয়নই এখন তার প্রধান চিন্তা।
বিজ্ঞাপন
অতিরিক্ত দুশ্চিন্তার মানসিকতা নিয়েও সতর্ক করেন তিনি। জীবন অনিশ্চিত—এই বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, যেসব বিষয় নিজের নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে অযথা মানসিক চাপ নেওয়ার কোনো অর্থ হয় না।
বিশ্বকাপের মতো বড় আসর মিস করায় ক্রিকেটারদের মানসিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠলে মোস্তাফিজুর রহমানের উদাহরণ দেন এই কোচ। জানান, তিনি সরাসরি মোস্তাফিজকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। জবাবে পেসার বলেন, যা চলে গেছে তা নিয়ে পড়ে না থেকে সামনে তাকাতেই স্বস্তি। সালাউদ্দিনের মতে, সবাই এমন মানসিক দৃঢ়তা দেখাতে না পারলেও এমন দৃষ্টিভঙ্গি খেলোয়াড়দের জন্য ইতিবাচক।
বিজ্ঞাপন
এদিকে, দেশের শীর্ষ তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ টুর্নামেন্টটিকে বেশ গুরুত্বপূর্ণ বলেই দেখছেন তিনি। তার মতে, সেরা ক্রিকেটারদের নিয়ে হওয়ায় এই প্রতিযোগিতা মান ও গুরুত্ব—দুই দিক থেকেই উল্লেখযোগ্য।








