Logo

পিএসএল: সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে ভেড়াল লাহোর

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৫
পিএসএল: সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে ভেড়াল লাহোর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আবারও দলে টেনেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোরের হয়ে খেলা এই বাঁহাতি পেসারকে এবার ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

লাহোর কালান্দার্সের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে আমরা ২০১৬ ও ২০১৮ সালে দলে নিয়েছিলাম, এবার সরাসরি চুক্তিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি আবারও পরিবারের কাছে ফিরে এসেছেন।”

জানা গেছে, মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এরপরের গল্পটা প্রায় সবারই জানা। মুস্তাফিজ ইস্যুতে পাল্টা বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশও।

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির সঙ্গে একাত্মতা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কটের কথা জানিয়েছে এরই মধ্যে।

আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেয়ার পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মুস্তাফিজ। ৩০ বছর বয়সি পেসারের একটি ছবি পোস্ট করে পিএসএলের অফিসিয়াল পেজে লেখা হয়, 'মুস্তাফিজুর রহমান-পিএসএলের নতুন যুগে স্বাগত।'

বিজ্ঞাপন

এর আগে পিএসএলে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে কাড়াকাড়ি পড়বে এমন ধারণা ছিল। বাকিদের পাশ কাটিয়ে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়াল সাবেক দল লাহোর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD