Logo

ইংল্যান্ডের সাথে লড়াই করেই হারলো নেপাল

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৮
ইংল্যান্ডের সাথে লড়াই করেই হারলো নেপাল
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের স্বপ্ন দেখেছিল নেপাল। কিন্তু অভিজ্ঞতার তফাত এবং চাপের মুখে শেষ পর্যন্ত তারা জয় পেতে ব্যর্থ হয়। শেষ ওভারে ৪ রানের ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড।

বিজ্ঞাপন

নেপালের শুরুটা ছিল শক্তিশালী। প্রথম তিন ওভারে আসে ৩১ রান। ৭ রান করে আউট হন আসিফ শেখ, আর কুশল বুর্ত্তাল ১৭ বল খেলে ২৬ রান করে ফিরে যান।

তৃতীয় উইকেটে দীপেন্দ্রা সিং আইরি ক্রিজে নামেন। তিনি এবং দলের নেতৃত্বে থাকা রোহিত পৌদ্দেল ৮২ রানের জুটি গড়েন, যা নেপালকে জয়ের স্বপ্ন দেখায়। তবে তাদের বিদায়ের পর কেউ আর দলের হাল ধরতে পারেনি। আইরি ২৯ বলে ৪৪ রান করেন, আর পৌদ্দেল ৩৪ বলে ৩৯ রান করে আউট হন।

বিজ্ঞাপন

শেষ তিন ওভারে লোকেশ বাম লড়াই চালিয়ে যান। এই সময়ে দরকার ছিল ৪৬ রান, যা থেকে ১৮ এবং ১৯তম ওভারে আসে ৩৬ রান। ফলে শেষ ওভারে জিততে প্রয়োজন হয় মাত্র ১০ রান। স্যাম কারেনের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়। নেপালের ইনিংস শেষ হয় ১৮০ রানে, যেখানে লোকেশ বাম ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ড ব্যাট করতে নামে। শুরুতেই উইকেট হারায় তারা। ফিল সল্ট ২ বলে ১ রান করে আউট হন। ওপেনার জস বাটলার ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। আর টম ব্যান্টন মাত্র ২ রান করেন।

বিজ্ঞাপন

ইংলিশ ব্যাটিংয়ে ফর্ম দেখা যায় জ্যাকব বেথেল এবং দলনেতা হ্যারি ব্রুকের ইনিংসে। মাত্র ৩৫ বলে চারটি চার ও চারটি ছয়ে ৫৫ রান করেন বেথেল। ব্রুক ৩২ বলে ৫৩ রান করে আউট হন। এছাড়া স্যাম কারেন ২ রান করেন। অপরাজিত থাকেন উইল জ্যাকস ৩৯ রানে এবং লিয়াম ডসন শূন্য রানে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD