গাজীপুরের ক্রীড়াঙ্গন নিয়ে তামিম–রনির মতবিনিময়

গাজীপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৮ ফেব্রয়ারি) গাজীপুর মহানগরীর পিটিআই অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, তরুণ সমাজের প্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গাজীপুরের খেলাধুলার বর্তমান অবস্থা, তরুণদের ক্রীড়ায় সম্পৃক্ত করার উদ্যোগ, মাঠ ও প্রশিক্ষণ সুবিধার সংকট, প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, ক্রীড়া সংগঠনগুলোকে আরও শক্তিশালী করা এবং সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানো গেলে গাজীপুরের ক্রীড়াঙ্গন নতুন গতি পাবে। এতে তরুণ সমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং দেশ পাবে নতুন প্রতিভাবান খেলোয়াড়।
অনুষ্ঠানে তামিম ইকবাল তরুণদের খেলাধুলায় আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও ধৈর্যের মাধ্যমে খেলাধুলায় সফলতা অর্জন সম্ভব। পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
এম. মঞ্জুরুল করিম রনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। গাজীপুরে আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় অংশ নেওয়া ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা বলেন, মাঠ সংস্কার, দক্ষ প্রশিক্ষক নিয়োগ, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং নিয়মিত প্রতিযোগিতা আয়োজন ছাড়া ক্রীড়াঙ্গনের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।








