Logo

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগাতিপাড়া, নাটোর
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫২
বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু
ছবি: প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দুই দিন পর জিহার হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জিহার হোসেন বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর পারকুঠী গ্রামের টিপু সুলতানের ছেলে। তিনি বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জিহার হোসেন তার এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে একই উপজেলার সাদিমারা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে গালিমপুর মসজিদ মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসার নামফলকের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ১ নম্বর পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, স্কুলছাত্র জিহার হোসেনের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জানাজা শেষে গালিমপুর সামাজিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD