গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে নিষিদ্ধ আ. লীগের হামলা, নথিপত্রে আগুন

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
পরে দুপুরের দিকে একদল নেতাকর্মী দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। হামলাকারীরা ব্যাংকের ভবনের কাচ ও আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও জলিরপাড়ের গণমাধ্যমকর্মী শহিদুল ইসলাম জানান, দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর বাড়ির একটি ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
ঘটনার বিষয়ে প্রশাসনের বক্তব্য জানতে তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।








