Logo

দিনাজপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২৯ নভেম্বর, ২০২৬, ১৮:৪৬
দিনাজপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দায় থাকা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এ ঘটনা ঘটে।

ব্যাংকটির নশরতপুর শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্বৃত্তরা ব্যাংকের সামনে পরপর তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে শাখা কার্যালয়ের বারান্দায় আগুন ধরে যায়। আগুনে সেখানে রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া চেয়ারগুলো আলামত হিসেবে জব্দ করে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ঘটনার পর রোববার সকালে গ্রামীণ ব্যাংকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার, চিরিরবন্দর এরিয়া ম্যানেজার মো. জিল্লুর রহমান এবং থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা শাখাটি পরিদর্শন করেন। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. আব্দুল হাকিম জানান, ঘটনার সময় একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি ব্যাংকের সামনে আসেন। তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি পেট্রোলবোমায় আগুন ধরিয়ে ব্যাংকের ভেতরে নিক্ষেপ করেন। এরপর দুজন দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তাদের মাথায় হেলমেট থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগেও দিনাজপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর পার্বতীপুর উপজেলার ভবেরবাজার শাখা কার্যালয়ে আগুন দেওয়া হয়। একইভাবে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা শাখায়ও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছিল। ফলে জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD