Logo

পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর সঙ্গী উধাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
২৯ নভেম্বর, ২০২৬, ১৭:০৯
পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর সঙ্গী উধাও
ছবি: সংগৃহীত

গভীর রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণী। মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যাওয়ার পর একটি বাসের চাপায় তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর তরুণীকে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন তার সঙ্গে থাকা যুবক।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেলে তিনি ছিটকে পড়ে যান। এ সময় একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক তরুণীকে সেতুর ওপর ফেলে রেখে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় উত্তর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বিকেল ৪টার দিকে বলেন, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার আঙুলের ছাপ সংগ্রহ করা হলেও কোনো তথ্যের সঙ্গে তা মেলেনি।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তরুণীর এখনো জাতীয় পরিচয়পত্র তৈরি হয়নি। মরদেহ ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, রাতে এক যুবকের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন ওই তরুণী। পথে তাদের মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেলে তিনি ছিটকে পড়েন। পরে একটি বাসের চাপায় তার মৃত্যু হয়।

পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে শনাক্ত করতে সেতুর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD