মশাল মিছিল শেষে ফেরার পথে আটক নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল করার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আটজনই শিশু। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের দাবি, ওই কর্মসূচিতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার গোপালপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল করতে পারেন, এমন তথ্য পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে কয়েক মিনিট মিছিল করার পর তারা স্থান ত্যাগ করেন।
পুলিশের ধারণা ছিল, গোপালপুর থেকে হুজরাপুরে যাওয়ার সময় যে পথ ব্যবহার করা হয়েছে, ফেরার ক্ষেত্রেও মিছিলকারীরা একই পথ অনুসরণ করবেন। এ কারণে রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে মিছিল শেষে দুটি অটোরিকশায় করে ফেরার সময় ১৫ জনকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ১৫ জনের মধ্যে আটজন শিশু এবং সাতজন প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছেন ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮) এবং মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)।
আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।
শহীদুল ইসলাম আরও জানান, আটক ব্যক্তিদের গোদাগাড়ী থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাদের আদালতে পাঠানো হবে।








