ভালো কাজ করলে পুরস্কৃত করা হবে, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল: খাদ্যমন্ত্রী

সড়ক নির্মাণ ও উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, রাস্তার কাজ অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে, নিম্নমানের কাজ করলে সংশ্লিষ্ট ঠিকাদারদের লাইসেন্স বাতিল করা হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আগামীতে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে। ১৭ বছরের দুঃশাসন এবং নানা ধরনের নির্যাতন-নিপীড়ন সহ্য করে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দলটি আজকের অবস্থানে পৌঁছেছে।
আফরোজা খানম রিতা আরও বলেন, গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কেউ এসে দেশকে নষ্ট করবে কিংবা দেশের মানুষের ক্ষতি করবে, তা মেনে নেওয়া হবে না। সাধারণ জনগণও তা মেনে নেবে না। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সচেতন রয়েছে। দেশে ফ্যাসিবাদের কোনো ধরনের অবস্থান তৈরি হতে দেওয়া হবে না।
সড়কের উন্নয়নকাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।








