Logo

এবার ‘গোপালগঞ্জ স্টাইলে’ নিষিদ্ধ আ. লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ নাওডোবা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
জাজিরা, শরীয়তপুর
২৯ নভেম্বর, ২০২৬, ১৮:৩৭
এবার ‘গোপালগঞ্জ স্টাইলে’ নিষিদ্ধ আ. লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ নাওডোবা
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় রাজনৈতিক সহিংসতা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, শত শত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তাদের বাধার মুখে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।

এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সমাবেশস্থলে থাকা অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁ ও একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ছাড়া পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট এবং পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেস রেস্তোরাঁয় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। পাশাপাশি ধারাবাহিক ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ার দৃশ্যও রয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

উল্লেখ্য, এর আগে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং বাড়িঘর ও সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এবার শরীয়তপুরের নাওডোবায় একই ধরনের সহিংসতার ঘটনা ঘটল বলে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD