Logo

দর্শনায় বিএনপি নেতাদের বাড়ি-দোকানে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২৬, ১৭:৪৯
দর্শনায় বিএনপি নেতাদের বাড়ি-দোকানে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে পৌর শহরের পৃথক তিনটি স্থানে এসব ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুলের পুরাতন বাজার এলাকার বাসা, শান্তিপাড়ায় বিএনপি নেতা হুমায়ুনের দোকানের সামনে এবং যুবদল কর্মী নাসিমের বাসা লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন পুলিশ সদস্যদের নিয়ে পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থলগুলো থেকে বোমা নিক্ষেপের আলামত উদ্ধার করা হয়।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল বলেন, গভীর রাতে ৬-৭ জন দুর্বৃত্ত দুইটি মোটরসাইকেলে করে 'জয় বাংলা' স্লোগান দিয়ে আমার বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।’

তিনি অভিযোগ করে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। সকালে বিএনপির নেতাকর্মীরা পৃথক পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, রাতেই পুলিশ পৃথক পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতা সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD