আ.লীগ নেতাকে আশ্রয় দিলেও ছাড় নয়, গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রীর

পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিএনপি বা জামায়াতের কোনো নেতা আশ্রয় দিলে সংশ্লিষ্ট নেতাকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলা সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধ, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার তদন্ত দ্রুত সম্পন্ন এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তৎপর থাকার নির্দেশ দেন।
সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নাশকতা, অরাজকতা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








