নিষিদ্ধ ছাত্রলীগ করায় ত্যাজ্য, ছেলে বললেন ‘সমস্যা নেই’

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা ইদ্রিস মৃধা। ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে বাবার এমন সিদ্ধান্তেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসতে রাজি নন রাহাত। তার ভাষ্য, পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে কোনো সমস্যা নেই।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ঘোষণা দেন আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধা। তার ছেলে রাহাত মৃধা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলে রাহাত মৃধা তার অবাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এ কারণে তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে।
ইদ্রিস মৃধা বলেন, ছেলে তার অবাধ্য হওয়ায় আইনজীবীর মাধ্যমে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এখন থেকে তার সঙ্গে নিজের ও পরিবারের কোনো সম্পর্ক নেই।
তবে বাবার এমন ঘোষণার পরও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন রাহাত মৃধা। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ তার প্রাণ। তাকে ত্যাজ্য করলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকেই জীবন কাটাতে চান তিনি। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে তার কোনো দু:খ নেই।








