জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেল ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন। পরে আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে উল্টে পড়ে থাকতে দেখা যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় পুলিশ সদস্যও পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








