Logo

শর্ত মেনে নিয়েছে আইসিসি, শাস্তি দেওয়া হবে না বাংলাদেশকে

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫১
শর্ত মেনে নিয়েছে আইসিসি, শাস্তি দেওয়া হবে না বাংলাদেশকে
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দেওয়া শর্তগুলো মেনে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলেই ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনীহা প্রকাশের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে সম্মত হলেও আগে আইসিসির কাছে তিনটি শর্ত তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আলোচনার পর আইসিসি সেই শর্তগুলো গ্রহণ করে এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আর্থিক, ক্রীড়াগত কিংবা প্রশাসনিক কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত জানায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের পর আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বিষয়ে কোনো ধরনের শাস্তি আরোপ করা হবে না। একই সঙ্গে বিসিবির জন্য আইসিসির নিয়ম অনুযায়ী ডিসপিউট রেজল্যুশন কমিটিতে যাওয়ার অধিকারও বহাল থাকবে।

বিজ্ঞাপন

আইসিসির বিবৃতিতে বলা হয়, বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শাস্তির পরিবর্তে সহযোগিতার পরিবেশ তৈরিতে তারা আগ্রহী। সংস্থাটির মতে, ন্যায্যতা ও নিরপেক্ষতার নীতিতেই এই অবস্থান।

এই সমঝোতার অংশ হিসেবে ২০৩১ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে। উল্লেখ্য, ওই বিশ্বকাপে বাংলাদেশ যৌথ আয়োজক হিসেবেও যুক্ত থাকবে। আইসিসি বলেছে, এটি বাংলাদেশের আয়োজক সক্ষমতার প্রতি আস্থার প্রতিফলন এবং দেশটির ক্রিকেট উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অংশ।

বিজ্ঞাপন

এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করে এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর পাকিস্তান সরকারও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বর্জনের ঘোষণা দেয় এবং বিষয়টিকে বাংলাদেশের প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে। এরপর বিষয়টি নিয়ে আইসিসি ও পিসিবির মধ্যে আলোচনা শুরু হয়, যেখানে বাংলাদেশের জন্য প্রতিকার নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য।

এর আগে লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান, পিসিবি চেয়ারম্যান ও বিসিবি সভাপতির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের বিষয়টি ইতিবাচকভাবে সমাধানের অগ্রগতি হয় বলে জানা যায়।

বিজ্ঞাপন

আইসিসির প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও দেশটির প্রতি আইসিসির দীর্ঘমেয়াদি অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং ক্রিকেটের উন্নয়ন ও বৈশ্বিক সম্পৃক্ততা বাড়াতে আইসিসি অংশীজনদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

আইসিসি, বিসিবি, পিসিবি ও অন্যান্য সদস্য বোর্ডগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে ক্রিকেটের ঐক্য ও মর্যাদা বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD