Logo

বিরোধের অবসান, আল নাসরের জার্সিতে ফিরছেন রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪৬
বিরোধের অবসান, আল নাসরের জার্সিতে ফিরছেন রোনালদো
ছবি: সংগৃহীত

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চলমান মতবিরোধের ইতি টেনেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড সৌদি প্রো লিগে আল নাসরের শেষ দুটি ম্যাচে অংশ নেননি। আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ গোলের জয় এবং তার আগের ম্যাচে আল রিয়াদের বিপক্ষেও তাকে মাঠে দেখা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি আল ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরছেন রোনালদো।

এর আগে বুধবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-তে আরকাদাগের বিপক্ষে আল নাসরের আরেকটি ম্যাচ রয়েছে।

বিজ্ঞাপন

রোনালদোর অসন্তোষের মূল কারণ ছিল সৌদি আরবের সার্বভৌম বিনিয়োগ তহবিল (পিআইএফ)-এর ভূমিকা। ট্রান্সফার উইন্ডোতে আল নাসরকে প্রত্যাশিত সহায়তা না দেওয়া এবং প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর শক্তিশালী হয়ে ওঠা নিয়ে তিনি আপত্তি জানান।বিশেষ করে পিআইএফের অধিকাংশ মালিকানাধীন আল হিলাল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আল ইত্তিহাদ থেকে তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমাকে দলে ভেড়ানোয় অসন্তোষ প্রকাশ করেন রোনালদো।

সূত্র জানায়, রোনালদোর উত্থাপিত কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হওয়ায় তিনি পুনরায় মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। পিআইএফ আল নাসরের বকেয়া বেতন পরিশোধ করেছে এবং ক্লাব পরিচালনায় শীর্ষ কর্মকর্তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও সিইও হোসে সেমেদো, যাদের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত ছিল, তারা আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন।

বিজ্ঞাপন

এদিকে সৌদি প্রো লিগ এক বিবৃতিতে জানিয়েছে, কোনো খেলোয়াড় নিজ দলের বাইরে লিগের নীতিগত সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারবেন না। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি ক্লাব নির্ধারিত আর্থিক কাঠামোর মধ্যে থেকেই ট্রান্সফার, ব্যয় ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করবে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২২ ম্যাচে ১৮ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন রোনালদো। সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে এক পয়েন্ট পিছিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের পর দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD