Logo

এপ্রিলেই মাঠে গড়াবে নারী বিপিএল, ঘোষণা বিসিবির

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:১৭
এপ্রিলেই মাঠে গড়াবে নারী বিপিএল, ঘোষণা বিসিবির
ছবি: সংগৃহীত

অবশেষে দেশে শুরু হতে যাচ্ছে নারী ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ। আগামী এপ্রিল মাসে প্রথমবারের মতো আয়োজন করা হবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

বোর্ড জানিয়েছে, ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতাটি নারী ক্রিকেটারদের পেশাদার কাঠামোর মধ্যে আনা এবং খেলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বিসিবির।

প্রথম আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। দলগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট, যেখানে দেশি ক্রিকেটারদের বেছে নেবে দলগুলো।

বিজ্ঞাপন

এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সরাসরি চুক্তির মাধ্যমে বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে।

আয়োজন সফল করতে একটি গভর্নিং কাউন্সিল গঠন করেছে বিসিবি। বোর্ড পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলাকে কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে। তার নেতৃত্বে কমিটি টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি করবে।

বিজ্ঞাপন

বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি, ভেন্যু, স্পনসর ও সম্প্রচার সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব ও ড্রাফট পদ্ধতি নিয়েও ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD