Logo

ডাবল সুপার ওভারে নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার

profile picture
ক্রীড়া ডেস্ক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৪
ডাবল সুপার ওভারে নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার
ছবি: সংগৃহীত

রুদ্ধশ্বাস এক ম্যাচে দুই দফা সুপার ওভারের পর আফগানিস্তানকে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে সমতা ফেরার পর প্রথম সুপার ওভারেও নিষ্পত্তি না হওয়ায় দ্বিতীয় সুপার ওভারে গড়ায় ম্যাচ, সেখানেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ফজলহক ফারুকির বলে অধিনায়ক এইডেন মার্করাম (৫) দ্রুত বিদায় নেন। তবে রায়ান রিকেলটন ও কুইন্টন ডি কক দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৩ রান তোলে দলটি।

এরপর দুই ব্যাটার গড়েন ৬১ বলে ১১৪ রানের জুটি। ডি কক ৪১ বলে ৫৯ রান করে রশিদ খানের শিকার হন। একই ওভারে ২৩ বলে ফিফটি পূর্ণ করা রিকেলটনও আউট হন। ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।

বিজ্ঞাপন

মাঝের ওভারে ডেওয়াল্ড ব্রেভিস (২৩) ও ত্রিস্তান স্টাবস (১) দ্রুত ফিরে গেলেও শেষদিকে ডেভিড মিলার ১৫ বলে ২০ এবং মার্কো জানসেন ৬ বলে ১৬ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই নেন ৩টি এবং রশিদ খান ২টি উইকেট।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ২৬ বলে ৫১ রানের জুটি গড়েন। তবে হঠাৎ করেই ভেঙে পড়ে মিডল অর্ডার। ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় দলটি—জাদরান (১২), গুলবাদিন নাইব ও সেদিকুল্লাহ অতল দ্রুত বিদায় নেন।

গুরবাজ অবশ্য লড়াই চালিয়ে যান। ৪২ বলে ৮৪ রানের দারুণ ইনিংসে ছিল ৪টি চার ও ৭টি ছক্কা। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও কেশভ মহারাজের বলে থামেন তিনি। এরপর দারউইশ রসুলি (১৫) ও মোহাম্মদ নবি (৫) সুবিধা করতে না পারায় ১৩৯ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান।

বিজ্ঞাপন

শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই (২২) ও রশিদ খান (২০) ম্যাচে উত্তেজনা ফেরান। শেষ ওভারে কাগিসো রাবাদার দুটি নো-বল ও একটি ওয়াইডের সুযোগ কাজে লাগিয়ে নুর আহমেদের ছক্কায় সমতা ফেরে ম্যাচে। ২ বল বাকি থাকতে ১৮৭ রানে অলআউট হয়ে টাই নিশ্চিত করে আফগানিস্তান।

সুপার ওভারে প্রথমে বোলিং করেন লুঙ্গি এনগিদি। আজমতউল্লাহ দুই চার ও এক ছক্কায় ১৭ রান তোলেন। জবাবে ফজলহক ফারুকির ওভারে ব্রেভিস ছক্কা হাঁকিয়ে আউট হন। স্টাবসের বাউন্ডারিতে সমীকরণ জমে ওঠে। শেষ বলে ছক্কায় ১ উইকেটে ১৭ রান তুলে আবারও টাই করে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

দ্বিতীয় সুপার ওভারে ওমরজাইয়ের করা ওভারে স্টাবস একটি ও মিলার দুই ছক্কা হাঁকিয়ে ২৩ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে কেশভ মহারাজের ওভারে দুই ছক্কা এলেও ২ উইকেটে ১৯ রানেই থামে আফগানিস্তান। ফলে ৪ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এ জয়ে টানা দ্বিতীয় সাফল্য পেল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আফগানিস্তানের এটি টানা দ্বিতীয় হার।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD