টাকা না থাকলে বিপিএলে দল দেওয়া হয় কেন: নাসির

বিপিএলের দ্বাদশ আসর শেষ হয়েছে প্রায় এক মাস হতে চললেও এখনো সব ক্রিকেটার পারিশ্রমিক বুঝে পাননি। সেই তালিকায় রয়েছেন নাসির হোসেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ–এ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই অলরাউন্ডার জানিয়েছেন, তিনি চুক্তির মাত্র ২৫ শতাংশ অর্থ পেয়েছেন, বাকি ৭৫ শতাংশ এখনো বকেয়া।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে নাসির ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার আক্ষেপ নেই। তবে যাদের পকেটে টাকা নেই, তাদের দল দেওয়া উচিত না। কী চিন্তা করে তাদের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়, বুঝি না।”
এ ধরনের পরিস্থিতি দেশের সুনাম ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন তিনি। নাসির বলেন, বিদেশি ক্রিকেটাররা বিপিএলে খেলতে এসে যদি সময়মতো পারিশ্রমিক না পান, তাহলে তারা বাইরে গিয়ে বাংলাদেশের লিগ ও ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে নেতিবাচক ধারণা ছড়ান। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
তার ভাষ্য, “এটা শুধু আমাদের বিষয় না, পুরো দেশের মান-সম্মানের প্রশ্ন। বিদেশিরা যদি বলে বাংলাদেশে পেমেন্ট ঠিকমতো হয় না, সেটা ভালো বার্তা দেয় না।”
নাসির জানান, বকেয়া অর্থ নিয়ে দলের খেলোয়াড়দের একটি গ্রুপে নিয়মিত আলোচনা হয়। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে—আজ নয়তো কাল, কাল নয়তো পরশু—কিন্তু বাস্তবে অর্থ পরিশোধ হচ্ছে না।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের ব্যাংক গ্যারান্টি বা জামানত থেকে খেলোয়াড়দের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন
নাসিরও জানান, বোর্ডের এক কর্মকর্তা (মিঠু/ইফতেখার) তাদের আশ্বস্ত করেছেন যে চলতি মাসের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এরপরও টাকা না পেলে ঢাকা ফ্র্যাঞ্চাইজির জমা রাখা ব্যাংক গ্যারান্টি থেকে অর্থ পরিশোধ করা হতে পারে।
সব মিলিয়ে, বিপিএলে পারিশ্রমিক জটিলতা আবারও সামনে এল, যা ভবিষ্যতে লিগের কাঠামো ও ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।








