আইপিএলের প্রস্তুতি নিতে স্কুল পরীক্ষা দিল না সূর্যবংশী

বয়স মাত্র ১৪, অথচ এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। তবে বিশ্বকাপজয়ের পর নির্ধারিত বোর্ড পরীক্ষায় শেষ পর্যন্ত বসেননি এই তরুণ ব্যাটার।
বিজ্ঞাপন
জানা গেছে, সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার জন্য ফর্ম পূরণ ও অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছিলেন বৈভব। ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন। ফলে নিয়ম অনুযায়ী তাকে ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করেছে পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ।
বিহারের তাজপুরের ‘মডেস্টি স্কুল তাজপুর’-এর ছাত্র বৈভব। স্কুলের পরিচালক আদর্শ কুমার পিন্টু জানান, পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হলেও পরিবারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বছর পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
তার পরীক্ষাকেন্দ্র ছিল পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুল। কেন্দ্রের প্রধানশিক্ষক এন কে সিংহ বলেন, নির্ধারিত দিনে বৈভব উপস্থিত না হওয়ায় বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে অনুপস্থিত দেখাতে হয়েছে। তার বাবার সঙ্গে আলোচনায় জানা গেছে, সামনে আইপিএল থাকায় আপাতত ক্রিকেট প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছে বৈভব।
কিশোর এই ক্রিকেটার বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–এর প্রস্তুতিতে ব্যস্ত। গত মৌসুমে রাজস্থান রয়্যালস–এর হয়ে অভিষেকেই নজর কাড়েন তিনি। মাত্র সাত ম্যাচ খেলেই আলোচনায় চলে আসেন। বিশেষ করে গুজরাট টাইটান্স–এর বিপক্ষে ৩৫ বলে শতরান করে চমক সৃষ্টি করেন।
এবার দলের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন পুরো মৌসুমে না থাকায় বৈভবের বেশি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই লক্ষ্যেই দীর্ঘ সময় অনুশীলনে ব্যস্ত তিনি।
বিজ্ঞাপন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভব ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সাত ম্যাচে ৬২.৭১ গড়ে ও ১৬৯.৪৯ স্ট্রাইক রেটে ৪৩৯ রান করেন তিনি। একটি শতক ও তিনটি অর্ধশতকের পাশাপাশি তার সর্বোচ্চ ইনিংস ছিল ১৭৫ রান—যা ফাইনালে দলকে শিরোপা জিততে বড় ভূমিকা রাখে।
ক্রিকেটীয় ব্যস্ততার কারণে পুরো বছর পড়াশোনায় নিয়মিত থাকতে না পারায় পরীক্ষার প্রস্তুতিও যথাযথ হয়নি বলে জানা গেছে। ফলে আপাতত বই-খাতা সরিয়ে ব্যাট-বল নিয়েই ভবিষ্যতের পথে হাঁটছেন ভারতের এই কিশোর প্রতিভা।








